# ফাল্গুনের ডায়েরী

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-09-19T01:35:12+00:00
- Updated: 2019-09-19T01:35:12+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0%e0%a7%80/

---

প্রভাতী শিমুলের লাজুক সজ্জায় মুখ লুকিয়ে আছি;

হলুদ পাঞ্জাবির পকেটে রাখা স্বল্পমেয়াদী অভিযোগ  
খোঁপায় দেওয়া লাল পাপড়ির হাত ছোঁয়া অভিমান  
সঙ্গীহীন প্রজাতির মতো তাড়া করে প্রতিনিয়ত  
আসুক- পাশাপাশি আবার কারো প্রত্যাবর্তন ঘটুক  
চা’য়ের কাপে আধ খাওয়া চুমুকের ঢেউ উঠুক।

বেখেয়ালে পরা শাড়ির বেখেয়ালি স্বভাব সাঁজাতে  
দরাজ কন্ঠে বলুক- হায়রে পাগলী! এভাবে না,ওভাবে।  
ভুল নমুনাতেই চলুক মিষ্টি শাসনামল হলুদ শাড়ির পাড়ে  
ভয়ে ভয়ে কানে কানে বলুক-বেরুবো রাজপথে?

মন খারাপের লাগাম ধরে সেই যে কোনো একদিন  
ভুলিয়ে ভালিয়ে বলে গেলো-  
সরি ফাল্গুনী! আজ নয় তোমাকে আমার অন্যদিন  
নিয়ে যাবো- শাড়ি আর পাঞ্জাবির রং মাখামাখিতে।

আজ ভাবছি কড়া রোদে শিমুল তুলোর ভিতর  
কোনদিন আসবে সেই প্রত্যাবর্তন দিবস?  
কোনদিন আসবে পাঞ্জাবির রং মাখামাখি?

ফাগুন রাজা বলেছিল- আজ নয় ফাল্গুনী, অন্যদিন!

ঝরে পরা শিমুল তুলোয় শুনি রক্তাক্ত পাঞ্জাবির দাবি;  
ফাগুন রাজা ডাকছে। বলছে-সেই অন্য দিনটি  
চলে যাচ্ছে? তোমার একাকী জলের সীমানা ভেঙে  
আসবে কোনদিন- এসো!  
বসন্তহীন,বসনহীন তোমার ধোঁয়াশা পৃথিবীর ওপাড়ে

নেত্রকোনা, ময়মনসিংহ।

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0%e0%a7%80/#comments
