# ফাল্গুনের আগমন

Author: নূর হোসেন
Published: 2020-02-14
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a6%ae%e0%a6%a8/

বসন্তের প্রথম দিন  
নিষ্প্রাণ বৃক্ষে নতুন কুড়ি,  
মর্মর পাতার বদলে এসেছে শাখায় গাঢ় সবুজের শ্যামলতা;  
শোভিত বসুন্ধরা পলাশ-শিমুলের লোহিত বর্নে,  
পুষ্পে পুষ্পে চঞ্চল অলির গুণ গুণ-  
শীত তাড়িয়ে তাপদাহ বার্তা নিয়ে এলো আজ পহেলা ফাল্গুন।

সমীরণে নতুন আমেজ আমের মুকুলের ঘ্রাণ  
কুঞ্জ মাতাল কোকিলের কুহু সুরে,  
মন নাচে ছন্দে-আনন্দে পেয়ে সুখের টান  
সাঁজিয়েছে প্রভু ধারা অফুরান পুষ্পে প্রাণ ভরে আমাদের করেছে তা দান।

কোমরে পেঁচিয়ে বাসন্তী শাড়ি  
হলুদ গাদার মালায় দেহ রাঙ্গিয়েছে নারী-  
বসন্ত কাব্যে হলো কবি মহিয়ান,  
দক্ষিনা পবনে মেলি স্নিগ্ধ আঁখি-  
দেখি গগনে উড়িছে পাখি,  
নাচিছে নদীর ঢেউ, পাহাড়-সমুদ্রে নতুন প্রাণ;  
বাংলার ঘরে ঘরে বাঁজিছে সবার মুখে বসন্তের গান।।
