# ফানুসি কবিতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-28T09:30:13+00:00
- Updated: 2020-02-03T04:33:16+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

কবিতার মিথ্যে ফানুস উড়িয়ে  
ভঙ্গুর রেখায় ‘কোবি’ হাসি-হাসে আড়ালে,  
জুজুৎসুর প্যাঁচ কষে ওষ্ঠাগত করে দেব পাঠক-প্রাণ,  
মন্ত্রপূত হুল ফুটিয়ে আত্মরতি সেরে নেব, রমণীয় ব্যাঘ্রতায়;  
সূচি-মুখে চিঁ-চিঁ করে রস-প্রীতি ঢেলে দেব  
প্রণয়ের রীতিনীতি না-মেনে!

পাঠকের চতুর-শ্লেষ সর্পিল-মোচড়ে বেসুরো করে দেব;  
দিনান্তে মেকি আনন্দ-সৌরভের অম্লান প্রীতি-পিদিম  
জ্বেলে রাখবো গৃহকোণে;

নিঃশব্দ নিঃশঙ্ক চিত্তে দুর্নিবার গতিতে নিদ্রালু-হৃদয়ে জপে যাব  
ওম শান্তি, ওম শান্তি, ময়ূর পঙ্খির নাও দুলিয়ে;  
কবিতা হতে থাকবে ক্ষীণ থেকে ক্ষীণতর, প্রস্তর-স্তব্ধতায়,  
কাঁথার ওমে ক্ষমাহীন-ঈশ্বর হাসেন হৃদয়হীনতায়।

ভাবনা-চোখে আজ স্বর্ণরেণুর নিবিড় আকাশ,ধোঁয়া-কুয়াশার ভীড়ে  
সোঁদা-গন্ধে গেঁথে আছে শেকড়ের জোড়া-স্মৃতিতে,  
রাত্রি-জাগা সিক্ত-স্নিগ্ধ পরিপাটি জ্যোৎস্না জড়িয়ে আছে হুটোপুটিতে,  
পালকের মত গায়ে গায়ে, অস্ফুট খুনসুটির ঠোঁটে ঠোঁটে;  
আ-তীব্র শিউলি-ঘ্রাণ ব্যাকুলতা, নকশি-কাঁথার স্মৃতিতে।

ছবি…নেটের।

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
