# ‘পড় এবং পড়’

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-09-24T07:18:24+00:00
- Updated: 2018-09-24T07:18:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%9c-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%9c/

---

ধরণীর সুরভিত সবুজ পুরুষ্টু বুকে  
সহস্র-যত্ন-ভালোবাসায়, ভেদভেদাহীন শর্তহীনতায়,  
কান পেতে পেতে শুনতে চেয়েছি হৃদ-সমুদ্দুরের  
স্ফুট-অস্ফুট ধ্রুপদী স্বপ্ন-গুঞ্জন;

নিষেধের বাঁধা টপকেছি অফুরন্ত প্রচ্ছন্ন প্রশ্রয়-আস্কারায়;  
বারে বারে অনেকবার জিজ্ঞেস করেছি ‘কেমন আছ?’  
উত্তর দিয়েছে শেষমেশ ইশারায়, ঈষৎ হেসে হেসে,  
বুঝতে পারিনি সে দেব-ভাষা;

বসন্ত বাতাসের অচঞ্চল আয়না জলের কাছে  
সটান দাঁড়িয়েছি মুখোমুখি, নির্ভয়ে,  
ধীর শান্ত মহিমায়;  
আধ্যাত্মিকতার বর্ণাঢ্য অলংকার এড়িয়ে,  
সাঁতারে সাঁতারে ক্লান্তির ঘন নিঃশ্বাসে,  
কাঁটা-গুল্মের ঝোপ, জলের ঘূর্ণ্যমান ঢেউয়ে,  
আহুতি ছাড়াই, বিশুদ্ধ দার্শনিক ভাবনা-ও;

নিরাশ করেনি সে, বলেছে  
‘আচার-সর্বস্বতা এড়িয়ে পড় এবং পড়’।

“হে প্রভু, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল,  
আপনি ক্ষমাকে ভালোবাসেন,  
সুতরাং আমাদের ক্ষমা করুন,  
হে ক্ষমাকারী”

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%9c-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%9c/#comments
