# প্রিয় সোনারা (প্রতিযোগিতার জন্য নয়)

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2017-04-07T04:44:44+00:00
- Updated: 2017-04-07T06:25:26+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: ''সোনেলা-ব্লগ” কর্তৃক আয়োজিত সোনাদের চিঠি লেখা প্রতিযোগিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4/

---

প্রিয় সোনারা,

একটি নির্মল, আনন্দময়, কলকাকলি মুখরিত ব্লগের প্রত্যয় নিয়ে সোনেলা ব্লগের যাত্রা শুরু হয়েছিল। প্রায় পাঁচ বছরের ব্লগ জগতে পরিভ্রমণ আমাদের কাছে আনন্দ বেদনার কাব্য হিসেবেই বিবেচিত হয়ে আছে। যদিও  
প্রতিবন্ধকতাময় পরিভ্রমন, তবুও আমাদের সাথে ভ্রমণ সঙ্গী হয়েছেন আপনাদের মত আন্তরিক কিছু মানুষ যারা এক একজন খাঁটি সোনা হিসেবেই বিবেচিত হয়ে আছেন সোনেলার কাছে।  
সোনেলার উঠোনে আপনাদের সরব আন্তরিক উপস্থিতি এই ব্লগকে, অন্য যে কোন ব্লগ থেকে স্বাতন্ত্রতা দান করেছে।  
যে সমস্ত লেখক নিয়মিত লেখালেখিতে অভ্যস্ত তারা যেমন এই ব্লগে আছেন তেমনি আছেন একেবারে নতুন লেখক যাদের লেখালেখির হাতেখড়ি এই ব্লগে। একসময় লিখতেন মাঝে দীর্ঘ বছর বিরতি, তারাও আবার এই সোনেলার মাধ্যমে সৃষ্টিশীল জগতে প্রত্যাবর্তন করেছেন।

একটি ব্লগে খুব বেশি একটিভ ব্লগার থাকেন না। অন্যান্য ব্লগের তুলনায় সংখ্যানুপাতিক হিসেবে সোনেলায় একটিভ ব্লগার ঈর্ষণীয়। এখানে আছেন প্রচুর পাঠক, যারা শুধু লেখা পাঠ করেই তাদের দায়িত্ব শেষ করেন না, লেখককে মন্তব্য দিয়ে উৎসাহিতকরণের পাশাপাশি, গঠনমূলক আলোচনায় অংশ নিয়ে সুচিন্তিত মতামত প্রকাশ করে থাকেন।  
নীতির প্রশ্নে আপোষহীন, পরিচ্ছন্ন, গালাগালি মুক্ত একটি ব্লগ প্রতিষ্ঠার যে স্বপ্ন আমাদের ছিল, আপনাদের সম্মিলিত প্র‍য়াসে তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

সোনেলার ২য় ই-বুক প্রকাশিত হবে আগামী পহেলা বৈশাখ। বৈশাখ উপলক্ষ্যে বিভিন্ন লেখা এবং চিঠি প্রতিযোগিতায় অংশ নেয়া চিঠিসমুহ নিয়ে প্রকাশিত হবে এই ই-বুক ‘সোনেলার বৈশাখ’। প্রতিযোগিতায় সোনেলায় পোস্ট করা প্রতিটি চিঠিই বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত মান সম্পন্ন। চিঠি বাছাই করে স্থান নির্ধারন করা নির্বাচকদের কাছে ছিল অত্যন্ত কঠিন এক কাজ। নির্বাচক মন্ডলীর নির্বাচন আবেগের ঊর্ধ্বে থেকে, নিরপেক্ষতা বজায় রেখেই করা হয়েছে। এতে মনক্ষুন্ন না হবার জন্য সবার কাছে অনুরোধ করছি। যারা প্রথম পাঁচে স্থান করে নেবেন তারা তো আপনার আমার একই বাড়ির উঠোন, আংগিনা, বাগানের একজন। তাদের এই স্থান করে নেয়া আমাদের সোনাদের সকলেরই আনন্দ। চিঠি পোস্ট করা পত্র লেখক এবং ম্যাগাজিনে প্রকাশিত সমস্ত লেখক, কবি, ব্লগারকে সোনেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

এই ই-বুক প্রস্তুত করেছেন প্রহেলিকা। এর আকর্ষণীয় প্রচ্ছদটিও তারই করা। চিঠির মাঝে দেয়া ছবিগুলো সংগ্রহ করা এবং চিঠি সম্পাদনা করার মত কঠিন কাজটিও করেছেন শুন্য শুন্যালয়। এ ব্যাতিত সর্ব বিষয়ে পরামর্শ দিয়েছে ছাইরাছ হেলাল। তাদের সম্মিলিত অক্লান্ত পরিশ্রমের ফসল এই ই-বুক ‘সোনেলার বৈশাখ’। ব্লগ পরিবারের সবার পক্ষ থেকে তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা।

সবাই ভাল থাকুন। আগত নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দময়। সোনালী রোদ হাসুক আমাদের জীবনে।

শুভেচ্ছান্তে_____  
জিসান শা ইকরাম  
————————————–  
পোস্টম্যানরা সবার চিঠি পৌঁছে দেয় কিন্তু তাদের লেখা চিঠি হয় সমাপ্ত হয়না কিংবা পোস্ট করাই আর হয়না।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4/#comments
