# প্রিয় কবিতাঃ মনে থাকবে? – আরণ্যক বসু

Author: শিশির কনা
Published: 2015-03-16
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%83-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2015/03/Screenshot_2.jpg)](/archives/30095/screenshot_2-11)

মাঝে মাঝে কিছু কবিতা ভাল লেগে যায়।মনে মনে আবৃত্তি করতে থাকি।আজ ভোর থেকে এই কবিতার মাঝে আছি।সোনেলায় শেয়ার করার ইচ্ছে হলো।আশাকরি ভাল লাগবে সবার।

*পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক*  
*আমরা তখন প্রেমে পড়বো*  
*মনে থাকবে?*

*বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে*  
*শীতলপাটি বিছিয়ে দেব;*  
*সন্ধে হলে বসবো দু’জন।*  
*একটা দুটো খসবে তারা*  
*হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,*  
*কান্ত কবির গান গাইবে*  
*তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…*  
*মনে থাকবে?*

*এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব*  
*এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন*  
*এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন*  
*মনে থাকবে?*

*আমি হবো উড়নচন্ডি*  
*এবং খানিক উস্কোখুস্কো*  
*এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব*  
*তুমি কাঁদলে গভীর সুখে*  
*এক নিমেষে সবটুকু জল শুষে নেব*  
*মনে থাকবে?*  
*পরের জন্মে কবি হবো*  
*তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।*  
*তোমার অমন ওষ্ঠ নিয়ে*  
*নাকছাবি আর নূপুর নিয়ে*  
*গান বানিয়ে\_\_*  
*মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো…*  
*মনে থাকবে?*

*আর যা কিছু হই বা না হই*  
*পরের জন্মে তিতাস হবো*  
*দোল মঞ্চের আবীর হবো*  
*শিউলিতলার দুর্বো হবো*  
*শরৎকালের আকাশ দেখার\_\_*  
*অনন্তনীল সকাল হবো;*  
*এসব কিছু হই বা না হই*  
*তোমার প্রথম পুরুষ হবো*  
*মনে থাকবে?*

*পরের জন্মে তুমিও হবে*  
*নীল পাহাড়ের পাগলা-ঝোরা*  
*গাঁয়ের পোষাক ছুড়ে ফেলে*  
*তৃপ্ত আমার অবগাহন।*  
*সারা শরীর ভ’রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা।*  
*তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।*  
*আমার অনেক কথা ছিল*  
*এ জন্মে তা যায়না বলা*  
*বুকে অনেক শব্দ ছিল\_\_*  
*সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক*  
*কাব্য করে বলা গেল না!*  
*এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে*  
*পরের জন্মে মানুষ হবো*  
*তোমার ভালোবাসা পেলে*  
*মানুষ হবোই\_\_ মিলিয়ে নিও!*

*পরের জন্মে তোমায় নিয়ে…*  
*বলতে ভীষণ লজ্জা করছে*  
*ভীষণ ভীষণ লজ্জা করছে*  
*পরের জন্মে তোমায় নিয়ে…*  
*মনে থাকবে?*

[**আবৃত্তি শুনুন এখানে ক্লিক করে**](https://soundcloud.com/niravasif/mone-thakbe-by-aranyak-basu-bengali-poem " আবৃত্তি শুনুন এখানে ক্লিক করে ")
