# প্রিয় সোনেলা যখন তোমার থেকে দূরে ছিলাম…

Author: সুরাইয়া পারভীন
Published: 2021-07-10
Category: চিঠি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5/

নির্ঘুম রাত জানে  
তোমার ভালোবাসায় সিক্ত মন  
কতোখানি প্রশান্তি বক্ষে করে ধারণ!

প্রিয় সোনেলা,

এখন রাত্রির দ্বিতীয় প্রহর। রাত্রির এই দ্বিপ্রহরে এসে তোমার সাথে কাটানো মূহূর্ত গুলো খুব করে মনে পড়ছে। মনে পড়ছে তোমাতে বিচরণ করা সোনালী রত্নদের কথা। যাঁদের উৎসাহ পেয়ে ধন্য হয়েছিল আমার সাহিত্যাঙ্গন!

ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় দূরে থাকলেও পরিপূর্ণ ভাবে দূরে থাকা যায় না, তোমার অনন্ত অসীম স্নেহময়ী ভালোবাসায় তার একমাত্র কারণ। জানো, আজও তোমার আঙ্গিনায় প্রস্ফুটিত প্রত্যেকটি গোলাপের ঘ্রাণ নিই। তবে তা খুব নিরবে সংগোপনে, যেনো তোমার আঙিনায় না পড়ে আমার কোনো চিহ্ন। আমার যে ভীষণ রকম দুঃসময়! আমার নিজেস্ব কোনো ঠাঁই নেই। নেই শক্তপোক্ত কোনো আশ্রয় এমকি পায়ের তলার জমিটুকুও  যে বড্ড নড়বড়ে। তাই তো চুপি চুপিই আসি।

জানো, তোমার উঠানে যখন চুপি চুপি আসি তখন মনে পড়ে যায় সেই সব সুন্দর স্বর্ণালী স্মৃতি। আহ! প্রাণবন্ত মুখরিত সেই সব স্মৃতি। যা তোমাতে আমাকে করেছিল বিলীন। দিয়েছিল সৃষ্টির সুখ গ্ৰহণের পূর্ণ অধিকার। ব্যাকুল চিত্ত করেছিল সু-স্থির। ঠিক এই মুহূর্তে ভীষণ ভারাক্রান্ত হয়ে উঠেছে মন। আঁখি পল্লবে জমে গেছে কিছু অযাচিত অশ্রুবিন্দু। যা বিসর্জিত হবার তাড়াই রয়েছে। পলক পড়তেই নিঃশব্দে গড়িয়ে পড়ছে কপোল বেয়ে।

কেবল কয়েক’শ শব্দ নয় অজস্র শব্দ নিয়ে লিখতে বসেছিলাম তোমাকে। কতো কথা লেখার ছিল। কিন্তু হায়! বড্ড অস্থির উচাটন মন! লিখতে লিখতে খেই হারিয়ে ফেলেছি। শব্দগুলো হয়েছে বেয়ারা। ওদের আর কিছুতেই বাগে আনতে পারছি না । আজ বরং থাক। আবার লিখবো তোমাকে। আর হ্যাঁ খুব শীঘ্রই ফিরবো তোমাতে । দোয়ায় রেখো আমায়। যেনো সহাস্যে ফিরতে পারি তোমার নীড়ে।

ইতি তোমার প্রিয়,

কি জানি! প্রিয় কিনা

তবে অ-প্রিয় নয় একটুকু বুঝি♥️♥️

ছবি-নেট
