# প্রিয় ভালোবাসা

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2019-12-21T12:14:18+00:00
- Updated: 2019-12-21T12:42:05+00:00
- Category: [চিঠি](https://sonelablog.com/category/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

*প্রিয় ভালোবাসা,*

*চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ থেকে যদি ভালো থাকা যায়,*  
*তবে খোলা আকাশের নিচে বিশাল পৃথিবীতে বিচরণ করার কী দরকার?*

*মানুষকে ভালোবাসতে গিয়ে যদি বার বার ক্ষত বিক্ষত হতে হয়,*  
*তবে মেকি মহত্ত্ব দেখিয়ে তাবৎ দুনিয়ার মানুষকে অলীক**ভালোবাসায় ভাসানোর কী দরকার?*

*কথা গুলো বেশ স্বার্থপর স্বার্থপর শোনাচ্ছে তো!*

*আজ সকালে শোনা মূল্যবান বাণী*  
*“চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ না থেকে মানুষকে ভালোবাসতে শেখো”*

*এই ভালোবাসার জন্যই আমি জ্বলেছি ,পুড়েছি অজস্র বার,*  
*রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়েছি , অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গিয়েছি,*  
*ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েও শেষ মুহূর্তে ফিরে এসেছি,*  
*ধ্বংস স্তূপে বিলিন না হলেও হয়েছি নিশ্চুপ স্তব্ধ একা,*  
*চার দেয়ালের একটি ঘরকে করেছি পৃথিবী,*  
*সে পৃথিবীর গণ্ডিতে বন্দি করেছি নিজেকে,*  
*এ বন্ধ ঘরে কিছু বিক্ষিপ্ত শব্দ হয়েছে আমার সঙ্গী।*  
*এই বিক্ষিপ্ত শব্দ গুলোকে গোছাতে গোছাতে কেটে গেছে সারাবেলা*  
*এলোপাথাড়ি গোছগাছ শেষে কিছু একটা পেয়ে খুশির সীমায় পৌঁছে গিয়েছি।*

*বিধি বাম*  
*তুমি আবার ফিরে এলে*  
*ঐ যে জ্বলিয়ে পুড়িয়ে না মেরেও মেরে ফেলা তোমার স্বভাব*  
*তাই আবার এসে হৃদয়ের ছোট্ট উঠানে বাসা বেঁধেছো*  
*আমি যখনই তোমাকে আঁকড়ে ধরতে চাই তখনই তুমি দূরে চলে যাও*  
*আমি যখনই তোমায় নিয়ে কল্পনায় বিভোর হই তখনই তুমি বাস্তবতায় ফিরিয়ে দাও আমায়*  
*আমি যখনই ভালোবাসি বলি তখনই তুমি বলো ভালোবাসি বললেই যেনো ভালোবাসা হয়?*  
*বাস্তবতার ঝটকানিতে মুখ থুবড়ে পড়ে যখনই ফিরে আসি ,গৃহ বন্দি করি নিজেকে*  
*তখনই তুমি বলো চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ না থেকে মানুষকে ভালোবাসতে শেখো।*

*ওহে ভালোবাসা !*  
*অনেক হয়েছে এবার চলে যাও*  
*ছেড়ে দাও আমার উঠান*  
*থাকতে দাও একা*  
*বাঁচতে দাও নিজের মতোন*

*ভালো থেকো ভালোবাসা*

*ইতি,*

তোমার সাথে প্রতিনিয়ত যুদ্ধরত এক মানবী💓

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
