# প্রার্থনা

Author: খাদিজাতুল কুবরা
Published: 2020-07-05
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be-7/

হে প্রভু!  
ওগো দয়াময়!  
আমায় শক্তি দাও,  
দুর্বল মনে প্রশান্তি দাও,  
কষ্টে পাঁজর ভাঙছে অসহ্য যন্ত্রণায়….  
তুমি দিলে তা ফিরিয়ে নেবেনা নিশ্চিত জানি।  
মানুষের আছে অতি অল্প দেবে আর কতখানি?

হে প্রভু!  
ওগো দয়াময়!  
কায়মনোবাক্যে প্রার্থনা তোমার তরে,  
ধনরত্ন নয় শুধু মনোবল দিও এই অধমেরে!  
যেন তোমার  ইচ্ছের কাছে নিজেকে সমর্পিতে পারি,  
কিছুতেই যেন ভেঙে না পড়ি,  
সকল প্রিয়জন যদি যায়গো মোরে  ছাড়ি।

হে প্রভু!  
ওগো দয়াময়!  
সর্বান্তকরণে মন কি চায় তা তুমি জানো,  
আমার চাওয়ার সকল ভুল শুধরে দাওগো নিজগুণে,  
প্রেমময় তুমি অন্তর্যামী,  
ভয় হয়, তুমি ছেড়ে দিলে যদি হয়ে যাই বিপথগামী।  
তোমার বিশালতায় একটুখানি ঠাঁই চাইগো আমি।

হে প্রভু!  
ওগো দয়াময়,  
আমাকে আশ্রয় দাও রহমতের ছায়ায়,  
জীবনে আমার কেবলই নিত্য নতুন ঝড় বয়ে যায়,  
ঝড়ের বেগে লণ্ডভণ্ড মন প্রান্তর হায়…  
এতোদিন ধরে চিনিনি ওগো দয়াময় তোমায়,  
ক্ষমিলে তুমি রক্ষা পাবো এ যাত্রায়।
