# প্রলাপের গুচ্ছরণ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-04-03T16:47:07+00:00
- Updated: 2019-04-04T11:41:16+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%b0%e0%a6%a3/

---

১

ডুব সমুদ্দুরেও থাকে স্তূপাকার দেয়াল  
নূতন/পুরোন ইট/পাথরের সৌন্দর্যে/বিভীষিকায়,  
মাথা কুটি মরি ঢেউয়ের ঢেউয়ে পাথরের ইটে,  
সোনা-জল গড়ায় না, রক্ত কপালে।  
কুড়িয়ে পাওয়া নিরন্ন জীবন, এই-ই সই!

*************************************************

২

ধূলি উড়ে ধূলি ঝরে  
ধুলোর ঝড় ওঠে, বিস্তীর্ণ পথ জুড়ে,  
কুড়িয়ে পাওয়া, হাওয়ার ফেলে যাওয়া  
কবিতা-রাশি সোনা-রঙে জ্বলে ওঠে না।

*******************************************************

৩

শৈশব-নদী বয়ে গেছে  
সুদূরে, সেই কবে, দুপুরের রাত্রিতে,  
কত্ত ডাকি ফিরে আয় ফিরে আয়, আয় ফিরে,  
একবার এই বুকে,  
প্রেমে/কান্নায়/অবহেলায়/যুদ্ধে, কবিতায়।

************************************************************

৪

অরণ্যে আছে ছোট্ট নীড়, অরণ্যের ও আছে,  
শেষের শেষ আশ্রয়ের,  
আষাঢ় এলেই শান দিয়ে বৃষ্টি নামে,  
পিছল-পথে পা চলে-না, কলম-ও না;  
কসম, অ-সত্যি বলছি না।

***********************************************************

৫

দম্ভ সমুদ্র, দম্ভের সমুদ্র জেগে থাকে  
উথাল ঢেউ তুলে, উচ্ছ্বসিত নৃত্যে,  
প্রতিশ্রুতির তোয়াক্কা না করে,  
সেই যে একা ফেলে গেলে  
মুক্তো-মালা দেবে বলে, শিশিরের ভাঁজে  
কবিতার কবিতা নিয়ে, আর ফিরে আসে-না।

***********************************************************

৬

নিশি-সমুদ্র শুয়ে আছে সার বেঁধে  
চোখ লাল করে, লাল চোখে,  
গিলে খেয়ে শান্তি পাবে/দেবে,  
নিত্যের এ জীবনে লাল কালিতে লেখা  
কবিতা গুলো হা করে গিলতে আসে,  
গিলে খায়, খাক; উগড়ে-ও দেয়, দিক।

**********************************************************

৭

নিস্তেজ লাঙল বসে আছে একাকী  
ফলা উঁচিয়ে,  
এবারে বর্শা আসেনি/আসেনা এখনও,  
চাষের ফসল ভাবে, কী উঠবে জানিনা,  
জানি তুমি অনুর্বর নও।  
এখন ও তো কবিতাতে-ই লেখো,  
কবিতায় ঝড় তোল।

************************************************************

৮

আকাশ বসে আছে দিব্যি দিয়ে,  
রেগে টং, গাল ফুলিয়ে লাল করে  
দু’পা ছড়িয়ে,  
কিছুতেই মেঘদের দেবে-না পোয়াতি হতে,  
মেঘেরা যে আকাশের-ই রঙ-ডানা  
ঘুরে-ফেরে-উড়ে, আকাশকে-ই বেঁধে রাখে।

*********************************************************

৯

আমাজনে নাকি লিলি ফুল ফোটে, ফুটুক;  
দেখ, একদিন ঠিক-ই লিখে দেব  
টেনে দু’লাইন, তোমাকে-ই।

*********************************************************

১০

হতে পারে চুড়ান্ত নিভে যাওয়ার আগে  
জ্বল-জ্বল করে জ্বলে ওঠা, শেষ বারে মত (হোক না),  
তবুতো জ্বলানোকে জ্বালানো গেল  
আচ্ছা-করে/ইচ্ছে মত;

****************************************

১১

দেখা হয়েছিল সেই একবার-ই, সন্ধ্যা-সায়াহ্নের লাজ-রক্তিমে,  
তারপর কেটে গেছে দীর্ঘতম এক যুগ, যুগান্তরের পথে;  
ঘোর বৈরি বিষণ্ণ বাতাসে, রোদপোয়ানোর সাহসী-ঋজু ভঙ্গিতে,  
বিদ্ধ হৃদয় উন্মুক্ত করে, রক্ত-জবার হাতে, নিঃশ্বাসের হাত-ছোঁয়া  
দূরত্বে,  দেখছি আবার;

*****************************************************

১২

সে এক বিদগ্ধ কবি, ভাবে নিজেকে,  
মূলে কিন্তু কিচ্ছু না, লেখে/টেখে মাঝে মাঝে, সাঁজের বেলায়-ও,  
তবে লিখতে পারে হুটুর/হাটুর, কিন্তু সে লিখবে না বলে করেছে পণ;  
পণ ভেঙ্গে দিয়েছে এমুন লম্ফ, পিঠ বিষ,  
কোমর বিষ, এখন সে দগ্ধ-প্রাণ যন্ত্রণা কাতর।

---

Comments: 71 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%b0%e0%a6%a3/#comments
