# প্রতীক্ষা

Author: রাতুল
Published: 2013-09-26
Category: কবিতা, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-2/

অনেকটা পথ এভাবে হেঁটেছি।  
ব্যর্থতা,অতঃপর একদল হতাশা,  
কখনও বা নিস্তব্ধ নীরবতা,  
শুন্যতা এবং কিছু গম্ভীর রসিকতা।  
হাস্যকর আঁধারের মাঝে-  
অপ্রীতিকর ক্রন্দন ধ্বনি।  
অথবা, অপ্রীতিকর বাস্তবতায়-  
অসাধারণ মুখাভিনয়।

মধ্যপথে একজন প্রীতিলতা,  
একঝাক আনন্দ-মাখা স্বপ্নের দল,  
হয়তো ক্ষণিক বাদেই মূর্খতার-  
বিশাল ভাণ্ডার থেকে মুক্ত,  
একদল শুকনের নির্মমতা।  
ছিঁড়ে খাবার আগ্রাসন নিয়ে,  
মৌন সূর্যের আলোতে,  
ক্ষুধার্ত দৃষ্টি নিয়ে-  
মৌন আকাশে বায়ু-ঝড় তোলা।  
অতঃপর আবারও ব্যর্থতা।  
একদল স্বপ্নের হাড্ডিসার কঙ্কাল-  
বেওয়ারিশ হয়ে পরে থাকা।  
সাথে একঝাক কুচকুচে কাল দাঁড়কাক,  
আর তাদের কর্কশ চিৎকার।

ফিরে আসি তখন,  
ফিরে আসি, গোধূলির মুগ্ধতায়।  
কোন নিশাচর আমায় সঙ্গ দেয়।  
হেঁটে চলি আমি,  
নিদারুণ আঁধার-মাখা জগতে।  
অসংখ্য হায়েনার আগমনে-  
দল ভারি হয় আমার।  
শুরু হয় শিকার খোঁজার তাড়না।  
যদিও এ তাড়না শুধুই নাটকীয়তা,  
তবুও আমি পথচ্যুত হই না।

একটা মুহূর্তে সূর্যালোকের ভয়ে-  
অযথা কম্পিত হায়েনার দল,  
আমায় দিয়ে মেটায় তাদের ক্ষুধা।  
আবারও হাড্ডিসার কঙ্কাল হয়ে পরে থাকা,  
এবং ক্ষণিকের সুখে মোড়ানো মৌনতা।  
এবং অপেক্ষা, শুধুই অপেক্ষা।
