# প্রতীক্ষা (৩)

Author: বনলতা সেন
Published: 2013-09-28
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a7%a9/

দেখা হয়েছিল বহুকাল পরে সাব-ওয়েতে,  
দেখা হয়েছিল বহুকাল পরে আহসান মঞ্জিলের চওড়া সিঁড়িতে ,  
ঝলমলে অতিকায় শপিং মলে বা বড় কাটরার মুসাফির খানায় ।

পনির দেয়া বাকরখানি ছিল নাছরিনের প্রিয় , পুরোন ঢাকায় ছিল আমাদের প্রিয় দোকান । শাহ সুজার বড় কাটরার মুসাফির খানায় কাটিয়ে দেব কয়েকদিন , পরিকল্পনা ছিল । কিন্তু কিছুতেই যাব না ছোট কাটরায় বিবি চম্পার কবর দেখতে । দু’জনে মিলে এক ভিস্তিওয়ালার মশক ছুঁয়ে দেখেছিলাম নিভাঁজ কৌতূহলে। রোদ-ছায়ায় বেঞ্চে পা তুলে বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে দেখছি গাছের পাতার ঝিলিমিলি , বীর হত্যার সাক্ষী এই ভিক্টোরিয়া পার্ক । পাটুয়াটুলীর ‘রামমোহন রায় লাইব্রেরি’তে কাটিয়েছি অগুনিত সময় ।

কিন্তু পরি বিবির মাজারে গিয়ে সোনার কাঠি রুপোর কাঠি পাল্টিয়ে পারিনি পরি বিবির ঘুম ভাঙ্গাতে ।

নাছরিন আর আমি ভালো ও বেসেছিলাম একজনকেই । ও ও তা জানত ।

কোন এক ঝাঁ ঝাঁ দুপুরে সোনালী রদ্দুরের চোখ সীমায় দেখা-দেখা খেলার মত করে সিতারা মসজিদের ধার ঘেঁসে হেঁটে যেতে যেতে হঠাৎ যদি হয়ে যায় দেখা … শত বাঁধা-বিপত্তি , আনন্দ-বেদনা বা কাজ-অকাজের কথা ফেলে চোখ তুলে হাসতে পারব কী ?

নাছরিনের প্রাণ প্রিয় টাইপরাইটারটির ঠিকানা ভাঙ্গারির দোকানি জানাতে পারেনি ।
