# প্রণয়ারতি

Author: অনন্য অর্ণব
Published: 2021-10-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf/

*কোথায় যেন দেখেছি তোমাকে আমি*  
*হাজার বছরের পুরনো বেহালার তার*  
*অথচ নিত্য নতুন সুরেতে বাজো*   
*নতুন রূপেতে গড়ো যে অলংকার।*

*চাহনি তোমার জলজ ক্লান্তি ঘেরা*   
*অলীক স্বপ্নে সাজিয়ে প্রমোদতরী*   
*নিত্য সেথায় করেছি যাওয়া আসা*  
*দারুন ব্যথায় বিভোর বিভাবরী।* 

*প্রথম যেদিন দেখেছি সে রূপ সুধা*  
*আপনি বলিলে বন্ধু তব হে গুণী*   
*কি গান রচিলে মম মঞ্জিলে দানি*  
*সুরখানি তার দাওনা বাজিয়ে শুনি।*

*বলেছি সেদিন চোখের ভাষা কি বলো*   
*মনের আকুতি প্রোত্থিত করিতে পারে ?*  
*যত ব্যথা যত বেদনা ঢালিতে পারো*   
*আপনি রাঙাবো সে দান অলঙ্কারে ।*

*হাসিয়া কহিলে বন্ধু ও মোর সাথী*   
*তোমার পৃথিবী আলোয় আলোয় ভরা*   
*আমার ভরা পূর্ণিমার এই চাঁদের*   
*জোছনাতে আজ তপ্ত মরুর খরা ।*

*কি সুর তুমি বাজাবে এ মোর বীণায়*   
*রাগিনী যে তার নিঃস্ব বাহুতে বাঁধা*  
*আকুল ব্যথার মর্মে গাঁথা যে বেণী*   
*তার সে মধুর বেদনে বাধিত রাধা ।*

*সোহাগে যে তার জাগেনি আমার প্রাণ*   
*সুরের মাদুলী পরালাম যার গলে*  
*আমার সকলি দিয়েছি উজাড় করে*  
*অবহেলা সে যে করেছে সুকৌশলে ।*

*ভীষণ প্রেমের ঝড়েতে যখন একা*   
*চোখের জলেতে রজনী করেছি ভোর*   
*বন্ধু ও মোর প্রাণের প্রণতি সখা*   
*আসেনি সেদিন কেউতো খোলেনি দোর।*

*আজকে আমার ঝড় যে গিয়েছে থেমে*   
*অশ্রু নামের ঝর্ণা জলেতে ভাসি*  
*কি গান শোনাবো তোমার বাহুতে বেঁধে*   
*আমার করুণ বেদন বিহাগী হাসি ।*

*বলেছি বন্ধু তোমারি অশ্রু জলে*   
*রচিবো হাজার কাব্য কথার শ্লোক*   
*পরের জন্মে নাহয় তোমাকে পাবো*   
*এপারে তোমার ব্যথার সমাধি হোক ।*

*ফটো : Afreen Momee*
