# প্রণতি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-04-14T05:37:27+00:00
- Updated: 2017-04-14T05:37:27+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%bf/

---

ফেরার পথে যদি বলেই ফেলি,  
এই-যে কুহকিনী  
কার ঘাড়-মটকে এখানে এলে, এখুনি!!  
শাস্ত্রীয় বিধান মেনে, ঝেড়ে ফেলে সব লোভ,  
তর্পণ করো এ-ই দেবতাকে;  
প্রতিমার পূর্ণতা দেবো তোমাকে,  
তুমিই তা-পাবে!!

প্রণত হও চিরন্তন পরমসত্তায়,  
অবিস্মিত উদারতায়, স্থির প্রজ্ঞায়,  
প্রাণবন্ত মুক্তোদানার বৃষ্টি, তুমিই পাবে।  
কপট কুয়াশার শিশুতোষ প্রহেলিকা  
অব্যক্ত ঈর্ষা-কাতরতার অগ্নিকুণ্ড ছুঁড়ে ফেললে,  
একমাত্র তুমি-ই পাবে, পুণ্যময়ী পবিত্রতা!!

অবরুদ্ধ দ্রবীভূত বুকফাটা ছটফট,  
জ্বলবে-না আর দাউ-দাউ যন্ত্রণার জ্বলন;  
প্রাণ-মন জুড়ানো ঐশী-আলোর-বন্ধন,  
শুধু তুমি-ই পাবে!!!!

বহুরূপিনীর কূটবেশ ফেলে দিয়ে,  
উন্মাতাল-ঝলমল নিমজ্জনে, জ্যোৎস্না-স্নানে এসো;  
লজ্জা ভেঙ্গে পেলব ভালোবাসার উর্বর-রমণীয়-কমনীয়তায়  
রক্ত-সজীবতার উষ্ণ-আবেদনে, এসো;  
এসো, দেবতার অলৌকিক নগরে,  
এবারের বৈশাখে;

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%bf/#comments
