# পৌষ সংক্রান্তি উৎসব- (শীত কাব্য)

Author: সুপর্ণা ফাল্গুনী
Published: 2020-01-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b7-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%95/

ঋতু পালাবদলের আসরে শীতের নিমন্ত্রণ,  
কুয়াশার চাদরে শীত-নিদ্রায় মগ্ন উলঙ্গ প্রকৃতি।  
সরিষা ফুলের মাদকতায় আচ্ছন্ন প্রাণেশ্বর-প্রাণেশ্বরী;  
আলিঙ্গনে উষ্ণতার আবেশ ছড়ায়।  
পঞ্চমী তিথিতে তারার ফুলে বাসর গড়ি-  
চাঁদবুড়ি আদিমতার নেশায় মত্ত;  
কুয়াশার আবডালে-আকাশের উলঙ্গ বক্ষে।  
শিশির-স্নানে শুচি হয় ধরনীর দেহ-বল্লরী।  
নগ্ন পায়ে রাশি রাশি বৃক্ষ, জন্ম জন্মান্তরে  
শীতের তীব্রতাকে করেছে অবগাহন।  
জোড়া শালিকের উদ্দাম প্রনয় নাচন,  
শুভ-অশুভের অশনি সংকেত-  
ভাগ্যদেবীকে কটাক্ষের তীর।  
পলাশ শিমুলের রক্তিম আভায়;  
প্রকৃতির সিঁথিতে সিঁদুরের আভাস,  
হিম-বায়ুর পরশে অধরে কামনার বাঁধভাঙা কাঁপন ।  
সজনে ডালে শ্বেত পাথরের মুকুট;  
পৌষের নিমন্ত্রণে উত্তরীয় পবন-  
দ্বারে দ্বারে শৈত্যপ্রবাহ করে আলোড়ন।  
শীতপবনে জড়ো জড়ো তনু-মন,  
উষ্ণতা খোঁজে দেহের পর্বত-উপত্যকায়‌।  
পিঠা পুলির আমন্ত্রণে শীতের দারিদ্রতা-  
রাজকীয়তায় রূপান্তর ঘটে।  
সূর্যাদির রাশি পরিবর্তনের চক্র কাঁটায় পৌষের আগমন।  
সূর্যদেবতার উত্তরায়ণ গমন-  
পৌষের অন্তিম যাত্রায় উৎসবের আয়োজন।
