# পৌষ সংক্রান্তি উৎসব- পোয়াতি পৌষ

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2020-01-15T07:45:28+00:00
- Updated: 2020-01-15T07:45:28+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b7-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc/

---

*হিমালয়ের কার্ণিশ ঘেঁষে দক্ষিণাত্যে ঝুলে থাকা জন্মভূমি মোর,*  
*নবান্নের ঘ্রাণ ফুরাতেই এখানে নেমে আসে কুহেলি সকাল-*  
*শীতের শুষ্কতায় আচ্ছন্ন আরো একবার এই অববাহিকায়-*  
*আমরা দেখেছি আরো একটি “পোয়াতি-পৌষ” ।।*

*কোন এক কাল্পনিক মুসাফির গাজী-কালু’র হাঁক শুনে*  
*দক্ষিনাত্যের কৃষকের ঘুম ভাঙ্গে কাকডাকা ভোরে-*  
*শুরু হয় কৃষাণীর রসুই ঘরের ঝনঝন বাসনের সুরের আশীষ,*  
*সেও নাকি এ বছর ন’মাসের গর্ভবতী-*  
*এ যেন আরেকটি পোয়াতি’র পৌষ।।*

*পোয়াতি বধূ উঠে; সেই ভোরে শুরু হয়, ঢেঁকি ঘরে ধান ভানা তার,*  
*কৃষাণ খেজুর রস পেড়ে নিয়ে এসে বলে –*  
*“বিবি- খানিক ফিরনি যদি পারো রাঁধিবার”-*  
*সুগন্ধি কালিজিরা চালে,*  
*‘যা শীত, খুব আয়েশ হতো বুঝি- এই পৌষী- সকালে ।।*

*শ্বশুর তাহার উঠে, বলে- “কই গেলে গো বউ মা-*  
*অজুর পানিটা- দিয়ে যাওনা এবার”,*  
*বৃদ্ধা শ্বাশুড়ি বলে “জায়নামাজ টা কই গেলো যে.. পাই না খুঁজে আর”*  
*এদিকে ননদী তার ঢেঁকি ঘরে ডাকে বার বার,*  
*পোয়াতি কৃষাণি- যৌবন খানি যে তার পুড়ে অঙ্গার ।।*

*দু’বছরের ময়নার ও যে ভেঙে গেছে ঘুম আজ ভোরে-*  
*দুধের শিশু যে সে, একটুখানি দুধ খাইয়ে দিতে হবে তারে,*  
*অঙ্গেতে আঁচলখানি কোন মতে জড়িয়ে কৃষাণি-*  
*পৌষের শীত ভুলে টেনে যায় কৃষকের সংসারের ঘানি ।।*

*এই পৌষ পার্বণে যে গৃহিণী হয়েছে পোয়াতি –*  
*পৌষের শীত কি গো বোঝে আদৌ বেদনা তার আছে কতখানি?*  
*বুঝবে কি সে তো হয়নি কখনো আর আশু গর্ভবতী,*  
*কল্পনার আঁচড়ে তাই-*  
*এবারের পৌষের নামটাই রেখেছি “পোয়াতি” ।।*

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b7-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc/#comments
