# পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-01-01T07:15:54+00:00
- Updated: 2020-01-01T14:26:02+00:00
- Category: [চিঠি](https://sonelablog.com/category/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4/

---

*প্রিয় ১৯,*  
*তোমাকে বিদায় দিতে হবে এটাই চিরন্তন সত্য। বিগত বছর গুলোর মতো একটু একটু করে তুমিও হয়ে যাবে স্মৃতি। পুরোনো স্যাঁতস্যাঁতে কিছু স্মৃতি। যে স্মৃতি মাঝে মাঝে রোমন্থন হবে ঠিকই কিন্তু কোনো বিশেষ অর্থ বহন করবে না আমাদের জীবনে। কি আর করার বলো আমরা এমনিই।*  
*আমরা যে স্মৃতি আঁকড়ে বাঁচতে পারি না। তাই তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তোমাকে বিদায় জানাতে মরিয়া হয়ে উঠেছি। তোমাকে ভুলতে তৎপর হয়ে উঠেছি অথচ নতুন বছরে যখন হৃদয়ের শুকনো বালিতে কষ্টরা তাদের ধারালো পা দিয়ে আঁচড়ে দেবে, আঘাত করবে তখন কিন্তু ক্ষণিকের জন্য হলেও সেই তোমাকেই মনে পড়বে। সেই তোমাতেই ফিরতে চাইবে, সেই তোমাকেই বলবে ফিরে আসতে। কিন্তু সে যে আর কখনো সম্ভব নয়। কারণ যা যায় তা আর কখনো ফিরে আসে না। স্মৃতিতে ফিরলেও বাস্তবে তা ফিরে আসে না। সেই সব সুখের মুহূর্ত, ভালোলাগার আর ভালোবাসার মুহূর্ত গুলো আজন্ম স্মৃতি হয়ে থাকলেও দুঃখের মুহূর্ত, খারাপ লাগার মুহূর্ত গুলোই বেশি রোমন্থন হয়, হচ্ছে, হবে। আমরা বড়ই অদ্ভুত আর বিচিত্র প্রাণী।*  
*খুব ভালো থেকো ১৯। জানি তোমারও কষ্ট হবে আমাদের ছেড়ে যেতে কিন্তু তবুও যে যেতে হবে। এটাই চিরাচরিত নিয়ম, প্রকৃতির নির্মম পরিহাস। মর্মান্তিক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাই তোমাকে জানাই বিদায়। স্মৃতির অতল গহ্বরে থেকেও ভালো থেকো প্রিয়। তোমার জন্য রইলো অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা।*

*প্রিয় ২০,*  
*পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানাতে হয় এটাই চিরাচরিত নিয়ম। আমরা কেউ এই নিয়মের উর্ধ্বে যেতে পারি না বলেই পুরোনোকে নাচে গানে ঢাকঢোল পিটিয়ে বিসর্জন দিয়ে তোমাকে গ্রহণ করছি। আশা করছি তুমি সবার সব মনোবাসনা পূর্ণ করবে নিঃশর্তে। তুমিই হয়ে উঠে সবার সেরা। তোমার কাছে যার যা চাওয়া আছে সে সব গুলো চাওয়া পাওয়ায় পরিণত করবে।  সবার জন্য সুন্দর সুখময় হয়ে উঠবে তুমি। তোমাকে বিদায় জানানোর সময় যেনো কারো কোনো আক্ষেপ না থাকে সে দিকে খেয়াল রেখো। কেউ যেনো আফসোস করে না বলতে পারে ২০ আমাকে কিছুই দেয়নি। অনেক শুভ কামনা রইলো তোমার জন্য। তোমাকে নিয়েই যেনো আগামীর দিনগুলো সুন্দর কাটে সবার। অনেক অনেক ভালো থেকো সবাইকে নিয়ে তুমি।*

*পুরোনো জীর্ণশীর্ণ অতীত ভুলে সুন্দর স্বচ্ছ শান্ত সুখময় হোক সবার বর্তমান ও ভবিষ্যৎ। সোনেলা পরিবারের সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।*

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4/#comments
