# পুঞ্জীভূত ক্ষোভ

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-08-08T15:00:03+00:00
- Updated: 2021-08-08T15:45:05+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad/

---

 

মস্তিষ্কের অনুরণনে জমে থাকা ক্ষোভ পুঞ্জীভূত হয়ে দীর্ঘ মেঘের ঘনঘটায় পড়ন্ত বিকেল আচ্ছন্ন;  
কষ্টেরা গলে পড়ছে শ্রাবণধারা হয়ে ফেলে রাখা চায়ের কাপে।  
স্মৃতির ভাঁজে ভাঁজে ভালোবাসার ন্যাপথলিন ব্যর্থতার গন্ধ ছড়ায়-  
বিবর্ণ প্রাচীরের গা বেয়ে মাধবীলতার ঝাড়ে একখণ্ড সবুজের সমারোহ;  
নগরায়ণের বুক চিঁড়ে সর্পিলাকারে বয়ে চলা নদীর আরশিতে বায়োস্কোপ চলছে অবিরত।

ব্যস্ত ভাবনাগুলো জট পাকিয়ে হৃদয়ের প্রাচীন কোঠরে অচল বেসাতিতে পড়ে আছে;  
ভগ্ন-প্রতিজ্ঞা ঝরে পড়া নক্ষত্রের ন্যায় সারি বেঁধে জমা হয় সৈকতের বালুর খাঁজে-  
সেগুলো অতি-সযতনে কাঁচঘেরা ঘরে শোভিত হয় মহামূল্যবানে।  
পথের ধারে অখ্যাত বুনোফুলে- সৌন্দর্যের লীলাভূমি বন্দী হয় বিলাসী বাক্সে;  
নেতিয়ে পড়া সূর্যটা আকাশচুম্বী জনপ্রিয়তা ছেড়ে সন্ধ্যার আবিরে মুখ লুকায় কোন সে অভিমানে?  
জনারণ্য পীচঢালা পথের ল্যাম্পপোস্ট জ্বলে ওঠে প্রতিবাদের মানববন্ধনে।

ছবি-গুগল

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad/#comments
