# পাত্রী চাই

Author: নীরা সাদীয়া
Published: 2020-07-13
Category: রম্য
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-2/

পাত্রী দেখ বিয়ে করব

ধার্মিক মেয়ে চাই,

বোরখা পরবে, পর্দা করবে,

স্বর্গে নেব ঠাঁই।

মেয়ে ধার্মিক, নামাজ পড়ে,

ছেলে কেমন বলো?

ছেলে ভালো, চালাক চতুর,

টাকা কামায় কালো।

ঘুস দিয়েছে, চাকরি হবে

ঠেকায় কে তারে

পায়ের ওপর হাত পা তুলে

খায় আর ঘুরে।

পড়ালেখা কদ্দূর ছেলের?

উচ্চ শিক্ষিত।

পড়তে কি আর হয় আজকাল?

সনদ বেচে কত!

লাখে একটা এই ছেলেটা

নামাজী পাঁচ বেলা

লেনদেন করে নয়ছয় করা

বাঁ হাতের খেলা।

মেয়ে চায় সৎ পাত্র

নিজেও ধার্মিক,

ছেলে তো নামাজ পড়ে

সে কি অধার্মিক?

নামাজ পড়ে, ঘুস খায়

নয়তো অধার্মিক

তবে কি, ছেলেটা বোধহয়

আস্তো বকধার্মিক!
