# পাগলীটা হাসে

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-11-12T09:56:07+00:00
- Updated: 2019-11-12T09:56:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a7%80%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87/

---

কথাটা মুখে মুখে আজকাল-  
ঝাঁলর মোড়ানো বাঁশের ডগায়  
লেগে গেছে তিরপাল,  
আজকের সন্ধ্যেটা বর্ণিল,  
উজ্জলতায় কেটে গেছে রাত্রীর নিরবতা,  
বদলে গেছে এ বাড়ির হালচাল ।

আল্পনায় সেজেছে ঘরের মেঝে,  
সিড়িগুলিও সেজেছে রঙ্গীন সাজে।  
মুহুর্মুহু সারাবাড়ি, লেগে গেছে ঝাড় বাতি;  
এই তো সময়-  
শুরু হবে ক্ষণ, “গায়ে হলুদের আরোতি”  
প্রিয়ন্তী হাসে-  
এমন লগন জীবনে কি আর, বার বার ফিরে আসে !

আঙ্গিনা জুড়ে সারি সারি চেয়ারে গল্প জমজমাট-  
শিশু কিশোর যুবকের মেলা,  
কচিকাঁচারা করছে খেলা,  
খন্ড আড্ডার টুকরো আসরে, পূর্ণ সারাটা মাঠ।  
কে যেন নাচছে হেলে দুলে-  
ছান্দিক কড়তালি আর  
স্পিকারে জোড়ালো শব্দের তালে তালে-  
তোমরা দেখ গো আসিয়া  
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।

ডজন ডজন পরিচিত অপরিচিত মুখের আনাগোনা  
যেন সবাই কত আপন !  
কত কালের পুরুনো জানাশোনা।  
প্রিয়ন্তী হাসে-  
আগামী দিনের সম্ভাবনায়, স্বপ্নের সাগরে ভাসে___॥

লাল পাড়ের হলদে শাড়িতে,  
সেজেগুজে দাড়িয়েছে আয়নায়,  
খোপাটাও কেমন বাঁধা পড়েছে,  
গাঁধা ফুলের গাথা মালায়।  
শুনেছি ও বাড়ি থেকেও এসেছে ক’জন,  
সেই কখন সেরেছে ভোজন,  
গাঁয়ে হলুদের লগ্নটা খুব জলদি হয়ে এলো,  
মাত্র সূর্য্যটা পশ্চিমে হেলেছে, কখন যে সন্ধ্যে হলো !

ভেজা চোখে মা,  
তাই কাকীমা এলো, কনে কুঞ্জে নিয়ে যেতে-  
আজকে অন্তী’র গাঁয়ে হলুদ  
বিয়ে হবে কালরাতে।  
প্রিয়ন্তী হাসে-  
কত বসন্ত ফুরিয়েছে জীবনের- এই ক্ষণ টাকে ভালবেসে ॥

গুটি গুটি পায়ে হাটে ললনা,  
চির চেনা পথ, আজ কত অচেনা !  
কার হাত ধরে হাটছে সে আজ, নিজ বাড়ির আঙিনায় !  
এমনি বুঝি নারী জীবনে আপন-পর বদলায়।

হ্যাঁ বদলায়  
সত্যি বদলে যায়______!  
স্বপ্নগুলি ছেঁটে-ছুটে আজ বিবেকের কাঠগড়ায়,  
সম্পর্কের কাছে, এতটা বছরের ভালবাসাও যে অসহায় !!  
প্রিয়ন্তী হাসে,  
যাকে ঘিরে আজ হলুদের সন্ধ্যা- তাকে কি সে ভালবাসে !!  
পাগলাটে সেই ছেলেটাও কি এখনো হাসে ?  
শেষ বেলাটায়, কেন সে ভাবনা বারবার ফিরে আসে ?  
যখন, ফুলের কুঞ্জের মধ্যমণি- ফুলকন্যা হয়ে বসে ॥

কোথায় যেন, কাটতো সময়টা তার !  
আজও কি তেমন সেখানেই আছে- মুখখানি ভিষন ভার।  
হেরে গেছে আজ সত্যি সে ও, অজানায় ভালবেসে-  
একলা সে ?  
না হাজারো মানুষ- অনন্ত’র আশেপাশে !?

প্রিয়ন্তী হাসে-  
ভিষণ শব্দ করেই হাসে।  
থামছে না যেন, হাসিটা কেমন- মিশে গেছে নিঃশ্বাসে।  
শুনে মা ছুটে আসে, বাবা কাছে আসে,  
থেমে গেছে গান, আপনজন সব দাড়িয়েছে চারপাশে।  
দুনিয়ার সমস্ত খেয়াল ভুলে-  
প্রিয়ন্তী কেবলি হাসে, ভাবে-  
বিঁষ দংশনে নীল হলো কেউ- নাগিনীকে ভালবেসে।

সেই থেকে প্রিয়ন্তী হাসে,  
ফুলের হাসিতে, সবুজের ছোঁয়ায়- রৌদ্র, বৃস্টি, মেঘে,  
সে কেবলই শুধু হাসে-  
যেমন করে খিলখিলিয়ে- হাসেনি সে কভূ আগে।

শুধু সন্ধ্যেবেলায়, হাসি থেমে যায়,  
ঘুরে ফিরে- বাগানে কাটায়,  
ফুলে ফুলে ছুঁয়ে,  
গুনগুনিয়ে,  
গান গেয়ে যায় – অশ্রু ঝড়ায়,  
কখনো কারো পাশে থেমে যায়,  
রুস্ট কন্ঠে- আবৃত্তি শোনায়,  
মাস কেটে যায়, বছরটা গড়ায় ।

যেখানে দেয়াল ঘেড়া লোহার খাঁচায় হাসি কান্না অর্থহীন,  
সেখানে মা আসেনি কোনদিন।  
বাবা লোকটা প্রায়ই বহি:র্বিভাগে আসে,  
হাত বুলিয়ে দেয় মাথায়- যত্ন করে ডেকে বসে,  
মিস্টি করে হেসে-  
বাড়ি ফিরে যাওয়ার গল্প বলে- মিছিমিছি আশ্বাসে ।  
বলে- অনন্ত আজও আছে,  
কৃষ্ণচূড়া খুড়ি মেলেছে তার- মাটির ঘরের চারপাশে ।

অন্তী অবাক,  
কেমন করে, এতোদিন ধরে অনন্ত রেগে থাকে !  
পুরুনো ডাকবাক্স ভেঙ্গে গেছে হয়ত, যেখানে সে কথা রাখে।  
শেষ চারটি বছরে অন্তী পায়নি-  
অনন্তের কোন কবিতা,  
যেথায় ছন্দের ভানে গুণত সময়  
পাগলাটে সেই ছেলেটা ।  
আর আজকাল !!  
অন্তী গুণে, সারা রাত বসে  
ক’ টা শব্দে হাঁটে, দেয়াল ঘড়িটা______॥

প্রতিদিন কতো মুখ ফিরে যায় ঘরে,  
সুস্থ সুন্দর জীবনের তরে ।  
নতুন মুখের আরও কতজন- নতুন করেই আসে।  
প্রিয়ন্তী সারাবেলা তেমনি হাসে,  
যেমনি হাসতো নিত্য সন্ধ্যায়, উঠেনে, বাগানে বসে।  
এখানেও ফুল ফুটে-  
শুধু উঁচু দেয়াল ঘিরে আছে সে- বাগানের চারপাশে।

যখন রাত্রীটা ঘুমায় সুখ নিদ্রায়- অন্তী একেলা বসে-  
তখন মন খুলে প্রিয়ন্তী হাসে-  
ঝিঁমুনী ভেঙ্গে বুড়ো চৌকিদার, সোজা হয়ে টুলে বসে,  
ডিউটি ভুলে ডাক্তার দাঁড়ায়, লোহার দরজার পাশে।  
কখনো হাসে নার্স, কখনো হাসে ডাক্তার-  
কখনো ওপাশের পাগলীরাও হাসে অযথাই উল্লাসে-  
পাগলা গারদের দেয়াল ডিঙ্গিয়ে সে হাসির শব্দ ভাসে,  
মাইল পাঁচেক দুরের জংলায়, অনন্তের কবর পাশে_____॥

-০-

____১৪/১০/২০১৮

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a7%80%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87/#comments
