# পাখির ডানা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-04-23T12:56:12+00:00
- Updated: 2020-04-23T12:57:24+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/

---

এই ছোট্ট পাখি, ‘একটু সময় হবে কি তোমার?’  
দাওনা তোমার ঐ ডানা দুটো মোরে;  
যে ডানা তোমাকে আকাশ ছোঁয়ায়;  
আমিও ছুঁয়ে দেখতে চাই ঐ নীলাকাশটাকে ।  
যেখানে থাকবে না কোনো রাডারের বিধিনিষেধের প্রাচীর।  
উঁচু বৃক্ষের মগডালে রেখে যাও-  
তোমার ঠোঁটে বোনা আশ্রয়স্থল;  
আমি ও তেমনি ছোট্ট একটি খড়কুটোর ঘর বানাতে চাই-  
ঐ যে তেপান্তরের গাছের ডালে।

দেবে! দেবে ভাই তোমার ডানা দুটো মোরে!  
যেভাবে ঘুরে বেড়াও দেশ থেকে দেশান্তরে-  
অবলীলায়, অকুতোভয়ে;  
আমি ও তেমনি দু’চোখ জুড়াতে চাই প্রকৃতির সৌন্দর্যে।  
তুমি যেমন করে রোদ-বৃষ্টি-ঝড়ে ;  
ছোট্ট ডানার আঁচলে ঢেকে রাখো ছানাদের;  
আমিও তেমনি আগলে রাখবো প্রিয়জনদের-  
সব দুঃখ কষ্ট থেকে।  
কেমন করে ভেসে বেড়াও মেঘের ভেলায়, ছুঁয়ে যাও দিগন্ত-রেখা ?  
আমিও যেতে চাই দিগন্ত ছুঁয়ে, ভেসে যেতে চাই মেঘের আড়ালে।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/#comments
