# পাকনা-প্রেম রয়ে যায় আড়াল মেলে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-04-02T16:46:51+00:00
- Updated: 2019-04-02T16:48:07+00:00
- Category: [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae/

---

 

[পাঁড়-পাকনার প্রাতঃপ্রত্যহের ঘুম](https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a7%9c-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%83%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/)

বাতাসের মত্ত-প্রবলতায় নিমজ্জিত উদ্বেগ  
চার পাশে ছড়িয়ে-ছিটিয়ে যায়, নিরায়ন হরণের টিকটিক শব্দে;  
অজস্র প্রহরী সমভিব্যাহারে সামনে এসে দাঁড়ায়  
রোদ-ঋতুর হু হু বাতাস গর্জনের সিদ্ধ-স্বভাবে সোঁদা-মাটি গন্ধে।

মরুর মত খাঁখাঁ রোদ্দুরে, বেদুইনের শুভ্র উদাসীনতায়  
নমনীয় বক্রতায় পাশ কাটাতে চায়, পারঙ্গম-ক্ষিপ্রতায়;

মৌ-গন্ধি বাতাস নীরব চাহনি হেনে ঝাপটে ধরে  
সবাক-অবাক দ্বিধাগ্রস্ততায়,  
স্বপ্নের চিমটিতে জেগে ওঠে প্রণয়-হৃদয়,  
নিঃশ্বাসের লোনা-জল জ্যোৎস্নার সোনা-জলে গড়ায়।

তারপর-ও কিছুটা থেকে যাবে  
প্রণয়-প্রগাঢ়-পাঁড়-পাকনা-পাণিপীড়ন, প্রাতঃপ্রত্যহে দুজনের ঘুমে,  
পাতকিনী ভালোবাসার সিথান সিঁথিতে সিঁথিপাটি! তাও জ্বলে থাকে।

রম্যানুবাদ (বাংলায়)  
[অনুপ্রেরণায় বিশিষ্ট কবি—– প্রহেলিকা।](https://sonelablog.com/author/aminporobashi/)

গ্রীষ্মের দাহ-তাপের ঘোর দুপুরে বা কালি সন্ধ্যায়  
হতে পারে কোন এক প্রবল উষ্ণ ঊষায় বা মাঝের রাত্রিতে,  
রাত্রি শেষের অগ্রবর্তী সময়ে,  
প্রেম রানীর প্রেম হঠাৎ খর হয়ে চিড়িক দিয়ে ওঠে,  
প্রেম-জ্বালা-জ্বরে হুঙ্কারে ছুটে আসে প্রহরীরা, কাপে থর থর;  
সেই যে সেই দুরন্ত, আমার প্রেম-নাগর; চাই তাকে এক্ষুনি।

শাস্ত্রী-সিপাই ছুটে চলে তীর বেগে, বিপ্রতীপ বাতাসে,  
দিক্বিদিক, প্রকাশ্য-গোপনে, হা রে রে রে ধ্বনিতে  
মাঠ প্রান্তর তৃণ ভূমি কাপিয়ে/দাপিয়ে।

নাগর তার বাউলি কেটে এঁকে-বেঁকে চলে এদিকে সেদিকে  
ভাঁজা মাছ, মিষ্টি-ঝাল মাংসের ঘ্রাণ টেনে। ইথারে বিথারে।  
সরাই খানার মৌজমাস্তিতে, আহা জীবন, এইতো জীবন!!

আরশি-আঁকা-চোখের লজ্জা-মুকুট ফেলে  
অতৃপ্ত-গোধূলি-চোখ জ্বালিয়ে, গালা লাগা চোখে  
সুখ-নাগরের প্রেম-চোখ ভেসে ওঠে;  
বিভ্রাট-বিজলীতে তড়পানো-হৃদ-হুঙ্কারে কেঁপে যায়  
প্রাসাদ-অট্টালিকা, কে আছিস………………

বিজলী চমকে ঘিরে ফেলা নাগরকে ক্যাঁক করে চেপে ধরে  
চ্যাংদোলায় পৌঁছে যায়, রানীর বিহারে;

উড়ে এসে ঝুঁকে পড়ে বুকে চেপে বসে  
নাকে চাপ রেখে গাল টেনে বলে – —-প্রেম দিবি কী না বল!!

উষ্ণতার শয্যা-উমে অথৈ নদীতে বাণ ডাকে;

কেটে যায়, কেটে যায় দিন-রাত্রি, থাকে শুধুই ঘন রাত্রি,  
সহসা ছুটে আসে প্রাতঃপ্রত্যহ রক্ত-জমাট-বুকে বিস্তৃত নখরে নখরে।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae/#comments
