# পরীদের স্বপ্ন-বন্দরে

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-11-25
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87/

সহ্য-ফুলের সুগন্ধে, নবান্ন ভোরে আকাশী সিঁড়ি বেয়ে  
নেমে আসে পরীদের দল, উচ্ছাস-উচ্চহাস্যের কলরবে;  
শিশিরে পা ফেলে আনন্দ-নাচের-উল্কি এঁকে এঁকে  
অরণ্য-আবরণে সোনারাঙা ঢেউয়ের আঙিনায়  
আজ হেমন্তের সোনালি জোয়ারের স্বপ্ন-বন্দরে;

পিঠে-পুলির আয়োজন উনুনে উনুনে  
খেজুর রসের ঘ্রাণে, নির্ভীক হাসির রক্তিম ঠোঁটে  
বনফুল-বন্যা অন্তরে অন্তরে;  
কুটিরে কুটিরে আজ অচঞ্চল চঞ্চলতা  
শিশির-ভেজা হৃদয়ের সবুজ-সোনালি সকালে;

পরী-দল অক্লান্ত আত্মদানে কবিতায় বিভোর  
ভোরের রৌদ্ররেখায় রোদ পোহাতে পোহাতে,  
বা গরম-উনুন উমে জলে-স্থলে শিস দিয়ে  
ওঠে কবিতা ধ্বনি;  
ধান-শীষের টলমল-শিশির বুকে ছুঁয়ে ছুঁয়ে  
শুদ্ধ চিত্তে শুধুই দু’পা মেলে কবিতায় গেঁথে থাকা,  
আশৈশব স্বপ্ন-বন্দরের এই উঠোনে।
