# পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এর সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশের জন্য অবমানকর

Author: জিসান শা ইকরাম
Published: 2022-08-20
Category: সমসাময়িক
Tags: আওয়ামী লীগ, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, ভারতের দালাল, ভারতের পুতুল সরকার, রাজনীতি, শেখ হাসিনা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2/

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলেছেন। তাঁর সাম্প্রতিক দুটি বক্তব্য দেশব্যপী তোলপাড়।  
**  
কি বলেছেন আব্দুল মোমেন?**  
গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় বলেন ” আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।”  
তিনি আরো বলেন “আজকে অনেকের বক্তব্য এসেছে যে শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে (শেখ হাসিনা) টিকিয়ে রাখলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে।আমাদের দেশ সত্যিকারভাবে অ-সাম্প্রদায়িক দেশ হবে।**সেজন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার, সেজন্য ভারতবর্ষ সরকারকে আমি সেই সেই অনুরোধ করেছি**“।

একটি স্বাধীন দেশের পররাষ্ট্রমন্ত্রী কিভাবে এই কথা বলেন? হিন্দু সম্প্রদায়কে সন্তষ্ট করতে গিয়ে তিনি যা বলেছেন, তা অতিমাত্রায় বালক সুলভ বক্তব্য দিয়েছেন। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং দুই লক্ষ মা বোনের সম্ভ্রম এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। ১৯৭১ সনে ভারত আমাদের যুদ্ধে সহযোগিতা করেছে। তাঁদের সহযোগিতায় আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের দেশের সরকার ভারতের ইচ্ছে মত গঠিত হবে। ভারত কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসিয়ে কিভাবে দেবে?  
আমাদের দেশের সরকার পরিবর্তন হয় জনগনের ভোটে, কারো দয়ায় নয়।  
আব্দুল মোমেন এই বক্তব্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর অযোগ্যতা প্রমাণ করেছেন। তিনি আমাদের দেশকে অপমান করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করেছেন, আর আওয়ামী লীগ সরকারকে প্রশ্নের মুখে ফেলেছেন।

তাঁর ”**সেজন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার, সেজন্য ভারতবর্ষ সরকারকে আমি সেই সেই অনুরোধ করেছি**” বক্তব্য সরকারী এবং বিরোধীদলের প্রবল সমালোচনার মুখে পরেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেছেন।  
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর একজন সদস্যও বলেছেন যে আব্দুল মোমেনের বক্তব্য তাঁর ব্যক্তিগত বক্তব্য, এর দায় আওয়ামী লীগ নেবে না।

স্বাধীনতার পর থেকে বিরোধী দল আওয়ামী লীগকে ভারতের দালাল, ভারতের পুতুল সরকার বলে অভিহিত করেছে। আব্দুল মোমেনের এই ধরনের বক্তব্য বিরোধীদল প্রমাণ হিসেবে উপস্থাপিত করছে যে আওয়ামী লীগ ভারতের দালাল।

**পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের যতই প্রতিবাদ করুক আওয়ামী লীগ, এর দায় কি আসলেই এড়াতে পারবে সরকারী দল? মোটেই দায় এড়াতে পারবে না।**

এর পূর্বে  সিলেটে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, একটি পক্ষ থেকে এমন প্যানিক ছড়ানো হচ্ছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় **আমরা বেহেশতে আছি**।’  
ওনার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বক্তব্য দেয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু তিনি তো সতর্ক হলেনই না, আরো অপমানজনক বক্তৃতা দিয়ে ফেললেন চট্টগ্রামে।

**কে এই আব্দুল মোমেন?  
**পররাষ্ট্রমন্ত্রী কখনো রাজনীতি করেন নি, তিনি মুলত একজন আমলা। ২০১৮ সালে প্রথমবার  সিলেট-১ আসন থেকে জাতীয় সংসদের সদস্য হন তিনি। আর প্রথমবার সংসদ সদস্য হয়ে পেয়ে যান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণলায়। এর আগে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন আমলা হয়ে রাজনীতিতে কিভাবে বক্তব্য দিতে হবে তা তিনি জানেন না। এমন একজন রাজনীতিতে অনভিজ্ঞ ব্যক্তিকে কিভাবে এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া হলো, তা দেশের সচেতন মহলের কাছে একটি বড় ধরনের ধাঁধা হিসেবেই রয়ে গেছে।  
.

[**আবদুল মোমেন এর বক্তব্য শুনুন এবং দেখুন**](https://www.youtube.com/watch?v=9nenQ7Mo9hg)। বিভিন্ন প্রতিক্রিয়াও আছে এই ভিডিওতে।

তথ্য সহায়তাঃ  
১। দৈনিক যুগান্তরে আবদুল্লাহ আল মামুন এর নিবন্ধঃ  
[মোমেনের বক্তব্যে ক্ষুদ্ধ আওয়ামী লীগ, ব্যবস্থা নিতে বলবেন নেতারা।](https://www.jugantor.com/todays-paper/first-page/585610/%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%81%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%86.%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97) 

২। সময় নিউজ এরঃ [মোমেনের যত বিতর্কিত বক্তব্য](https://www.somoynews.tv/news/2022-08-20/%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF)

৩। বিবিসি বাংলা নিউজ এরঃ [পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তোলপাড়](https://www.bbc.com/bengali/news-62610461)

৪। প্রথম আলো পত্রিকার আসিফ নজরুলঃ [মোমেন ঠিকই বলেছেন](https://www.prothomalo.com/politics/nkx0g2zdkk)
