# পত্রকাব্য

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-02-26T02:30:05+00:00
- Updated: 2020-02-26T02:30:05+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

---

রুগ্ন, মরা পত্রবল্লবের কম্পনে বেদনার সুর ,  
অন্তিম যাত্রায় শরিক হওয়া উলঙ্গিনী পাতাদের আর্তনাদে –  
প্রকৃতি ও নারী একাকার বিরহের সুর-মূর্ছনায়।  
নবপল্লবের আত্নচিৎকারে উড়ছে নতুনের কেতন;  
গাত্রে মাখামাখি আঁতুড়ীয় সুবাস-  
আকাশ-বাতাস সুমিষ্টতায় পরিপূর্ণ ,উদ্বেলিত।

শুকনো পাতারা আড়মোড়া ভেঙে ঝরে পড়ছে মৃত্তিকা গহ্বরে।  
চরণে শিঞ্জিনীর ছন্দঝর্ণা-  
ব্যথার আকুলতা ছড়ায়।  
অমরাযুক্ত স্তন্যপায়ীরা কুড়িয়ে সযতনে  
মুঠি মুঠি ধরে শ্মশানে ছুঁড়ে ফেলে;  
অখাদ্যকে খাদ্যে রূপান্তরে-  
লেলিহান জ্বলন্ত উনুনে পুড়ছে অক্সিজেনের আধার।  
মনুষ্যজাতিকে বাঁচাতে জীবনে-মরণে অঙ্গীকারবদ্ধ ;  
পুড়ছে ,জ্বলছে কাষ্ঠের সহমরণে।

নবধারা বর্ষিত ঝিরিঝিরি প্রকৃতির আবক্ষে ।  
নবপত্রে সেজেছে উদাম শাখা-উপশাখা ।  
একগুচ্ছ পুড়ছে অনলে,  
একগুচ্ছ মর্দিত পদদলে,  
একগুচ্ছ নিমজ্জিত পথের বাঁকে বাঁকে গেরুয়া বসনে।  
একগুচ্ছ ভেসে চলে নির্ঝরনীর তরঙ্গে গন্তব্যবিহীন।  
মলয়-সমীরে উড়ছে পতপত করে পত্ররাশি- নভশ্চর সদৃশ।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#comments
