# পঞ্চকন্যার পাঁচালী

- Author: [স্বপন দাস](https://sonelablog.com/author/swapan/)
- Published: 2014-12-02T07:37:27+00:00
- Updated: 2014-12-02T09:02:20+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80/

---

হিন্দুপুরাণ গুলি ( ১৮ টি মহাপুরাণ ও ১৮ টি উপপুরাণ ) সহ বিভিন্ন বেদ-বেদান্ত জুড়ে অসংখ্য নারীচরিত্রের আবির্ভাব ঘটেছে। এই কাহিনীগুলিতে নারীকে কখনো দেবীরুপে, কখনো শাসকরুপে, কখনো স্নেহময়ী জননীরুপে, কখনো জিঘাংসু কুটিলারুপে আবার কখনো বা ব্যাকুল প্রেমিকা হিসেবে রুপায়িত করা হয়েছে। যদিও শেষপর্যন্ত পুরুষের ভোগ্যবস্তু হিসেবেই তাদের দেখা গিয়েছে।  
এই অজস্র নারীচরিত্রের মধ্য থেকে হিন্দু শাস্ত্রকারগণ তাদের মহত্ব ও বিশেষ গুনাবলীর জন্য বিশেষভাবে পূজনীয় বলে পাঁচজন নারীকে স্থান দিয়েছেন — এঁদেরই বলা হয় পঞ্চকন্যা বা পঞ্চবতী ।। এই পঞ্চকন্যা নির্ধারণেও বিভিন্নতা পাওয়া যায়। একেকজন একেক তালিকা দিয়েছেন। সীতা ও সাবিত্রীর নাম সব তালিকায় থাকলেও আসলে নাম এসেছে মোট ৯ টি। তারা হলেন ~~~  
সীতা,সাবিত্রী, অহল্ল্যা, তারা,গান্ধারী, কুন্তী, দ্রৌপদী, অরুন্ধতী ও দেবযানী ।।

আমার ইচ্ছে পর্যায়ক্রমে এদের প্রত্যেককে নিয়ে লিখবো – যদি পাঠকগণ আগ্রহী হন।  
আজ লিখবো ” তারা ” কে নিয়ে ~~~~

নক্ষত্ররাজ্যের দেবী তারা ছিলেন অনিন্দ্য সুন্দরী যুবতী। তিনি ছিলেন দেবতাদের পুরোহিত বৃহস্পতির স্ত্রী। একদিন চন্দ্রদেব, যার আরেক নাম সোম তারার রুপ দেখে এতই অধীর ও বিমোহিত হলেন যে তক্ষুনি তাকে অপহরণ করে নিজ প্রাসাদে তুলে নিয়ে যান। এদিকে বৃহস্পতি তা জানার পর তারাকে ফেরত দিতে সোমদেবের কাছে অনেক অনুরোধ করেন। কিন্তু সোম তারাকে ফেরত দিতে অস্বীকৃতি জানান। তখন সকল দেবতারা একজোট হয়ে সোমের বিপক্ষে যুদ্ধ শুরু করেন। কিন্তু দীর্ঘদিন যুদ্ধ করে প্রচুর হতাহতের পরেও তারা জয়লাভে ব্যর্থ হন। বাধ্য হয়ে বৃহস্পতি পুনরায় সোমের কাছে আকুতি জানান তারাকে ফিরিয়ে দেবার জন্য।  
ততদিনে সোমের কামক্ষুধা অনেকটাই নিবৃত্ত হওয়ায় তিনি অবশেষে ফিরিয়ে দেন তারাকে।  
গৃহে আনার পর বৃহস্পতি জানতে পারেন যে তারা অন্তঃস্বত্বা। তিনি তখন তারার কাছে জানতে চান, গর্ভস্থ সন্তানের পিতা কে — তিনি না সোম ?  
যেহেতু বৃহস্পতি স্বামী হয়েও তাকে বা তার সতীত্বকে রক্ষা করতে পারেননি তাই ক্ষুব্ধ তারা তার সন্তানের পিতৃপরিচয় জানাতে অস্বীকার করেন এবং জন্ম দেন অপুর্ব সৌন্দর্যময় এক দেবশিশুর।  
সুন্দর পুত্র দেখার পর বৃহস্পতি ও সোম দুজনেই পিতৃত্ব দাবী করতে থাকেন । এ নিয়ে দুজনের মধ্যে আবার সংঘাতের সূচনা দেখে উপস্থিত হন ব্রক্ষ্মা। তিনি তারাকে আড়ালে ডেকে তার সন্তানের প্রকৃত পিতৃপরিচয় জানতে চান।  
তখন তারা দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেন এই সন্তানের পিতা সোম। সোম সানন্দে গ্রহণ করেন পুত্রকে।  
পুত্রের নাম রাখা হয়, ” বুধ “।।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80/#comments
