# নয়ন বন্ড ক্রসফায়ারে নিহত

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2019-07-02T15:05:10+00:00
- Updated: 2019-07-02T15:23:17+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4/

---

এই সময়ের আলোচিত ঘটনা বরগুনায় প্রকাশ্যে দিবালোক অনেক মানুষের চোখের সামনে নয়ন বন্ড এবং তার সহযোগী রিফাত, আর একজন রিফাতকে কুপিয়ে খুন করেছে। যখন এই কোপাকুপির ভিডিও দেখেছি, তখনই ভেবেছি যে খুনি নয়ন এবং রিফাত এর সামনে মৃত্যু অপেক্ষা করছে। আজ ঘুম থেকে উঠেই জানলাম যে নয়ন বন্ড ক্রস ফায়ারে নিহত। তার নিহত হওয়াটা প্রত্যাশিত ছিল আমার কাছে, তাই অবাক হইনি।

মানুষ দুই ভাবে পরিচিতি পায়। নায়ক হয়ে, খলনায়ক হয়ে। নায়ক হয়ে পরিচিত পাবার যোগ্যতা ছিল না বলেই নয়ন বন্ড খল নায়ক হয়ে পরিচিতি পেয়েছে। এতে সে সফল হয়েছে। তার নাম দেশের কতজন মানুষ জানে না, এটি হিসেব করা সহজ।

আলোচনা করার পূর্বে দেখে নেই তার ক্রস ফায়ার সম্পর্কে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? এই সব প্রতিক্রিয়া আমার ফেইসবুক টাইম লাইনের বিভিন্ন জনের স্টাটাস এবং মন্তব্য, যা হুবহু তুলে দিয়েছি।  
* ক্রসফায়ার… একটা গেলো.. বাকী গুলোর খবর কি..?  
* সকালে এরচেয়ে ভালো খবর আর হয় না।  
* বাকী গুলোরও একই চিকিৎসা দরকার। সমাজটা রাহুমুক্ত হোক।  
* ক্রসফায়ার মানে থলেতে বিড়াল লুকিয়ে আছে…..  
* থলের বিড়াল দিয়ে কি হবে? আইন আদালতের ব্যাপারে গেলেই আইনের ফাক গলে বের হয়ে আসত সে ঠিকই। বরং অন্তত একটা অপরাধী কমল। যেগুলা স্পষ্ট প্রকাশ্য খুন, সেগুলার ক্ষেত্রে ডাইরেক্ট একশনে যাওয়াই ভাল।  
* আপনার মনে হচ্ছে একটা অপরাধী কমেছে, আমার কিন্তু তা মনে হচ্ছেনা …. আমার মনে হচ্ছে থলের বিড়াল (আরো বড় অপরাধী) বাঁচাতেই এই ক্রসফায়ার…… আর তাইতো আদালত পর্যন্ত তাকে নেয়া হয়নি, এটা বিচার হতেই পারেনা, এটা একটা গেইম…..  
কোথায় থাকে ক্রসফায়ার যখন ধর্ষন হয়??? ক্রস ফায়ারতো তখনই করা উচিৎ তাইনা?  
* এখানে কি আসলেই থলে বা বিড়াল ছিলো? যা ঘটেছে সবার সামনে ঘটেছে, বেপরোয়া, এক খুনির কর্মকাণ্ড। ক্রসফায়ার আমিও অপছন্দ করি।কিন্তু এই ঘটনার জন্য এটাই ঠিক হয়েছে বলে মনে হচ্ছে। আইনের কাছে গেলেই বরং সময়ের পর সময় চলে যেতো।  
* এই খুনের সাথে আরো কেউ জড়িত আছে যার জন্যই এই ক্রসফায়ার…… ক্রস ফায়ার না করে তাকে রিমান্ডে, আদালতে নেয়া হলে বিড়ালের দেখা পাওয়া যেত, আর তখন সব কটা বিড়ালকে ক্রস ফায়ার করতে পারতো তাইনা ? ক্রসফায়ার বিড়াল লুকানোর জন্যই করা হয়েছে।  
* প্রথম হত্যাকাণ্ডের চেয়ে দ্বিতীয় হত্যাকাণ্ড ঘৃণ্য ও ভয়ংকর। যারা এই খুনকে সমর্থন দিচ্ছে তারা তারও অধিক ভয়ংকর ও বিপদগামী।  
রাষ্ট্রীয় খুন বন্ধ হোক।  
* যুগে যুগে এরকম হাজারও নয়ন বন্ড নিজেদের জন্য তৈরী করেছে, আবার ব্যাবহার শেষে এভাবেই ক্রসফায়ারে দিয়েছে পর্দার আড়ালের গডফাদার রা।

এখানে দুই ধরনের মতামত এসেছে। কেউ ক্রসফায়ারকে সমর্থন করছেন, কেউ সমর্থন করছেন না, কেউ আবার থলের বিড়াল ( মানে নয়নের গড ফাদার জাতীয় কেউ ) কে আড়াল করার জন্য এই ক্রস ফায়ার, থলের বিড়ালকেও ক্রস ফায়ার দিলে এরা হয়ত ক্রসফায়ারকে সমর্থন দিত।  
একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে আজ যারা ক্রসফায়ারের বিরোধীতা করে মতামত দিলেন, এদের দু একজন আবার ফেইসবুকে রিফাত খুনের ঘটনার ভিডিও দেখে খুনিদের ক্রসফায়ার দেয়ার জন্য স্টাটাস দিয়েছিলেন। কত বৈপরিত্য কিছু মানুষের চরিত্রে।

ক্রসফায়ার সমর্থনযোগ্য কিনা?  
একটি সভ্য দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনো যুক্তিতেই কাম্য নয়। সমস্ত অপরাধের দেশে প্রচলিত আইনের আওতায়ই বিচার হওয়া উচিৎ এবং সম্ভব। কিন্তু আদৌ কি সম্ভব সমস্ত অপরাধের বিচার আমাদের দেশের প্রচলিত আইন আনুযায়ী ? একটি সভ্য এবং উন্নত দেশের জনগন, সমাজ ব্যবস্থা, মানসিকতা আমাদের দেশ থেকে সম্পুর্নই আলাদা। তারা মানুষকে ঠকানোর চিন্তাই করেনা, খাদ্যে ভেজাল দেয় না, খাদ্যে ফরমালিন মিশায় না, ডিটারজেন্ট পাউডার শ্যাম্পু দিয়ে দুধ বানায় না, সরকারী লোভনীয় চাকুরীর জন্য লাখ লাখ টাকা ঘুষ দেয়ার জন্য প্রতিযোগিতা করে না, কোন  সরকারী অফিসে ঘুষ এর লেনদেন করেনা- আসলে আরো অনেক কিছু লেখা যায় এ সম্পর্কে।

আমাদের দেশে বিচার বিভাগ সহ সমস্ত বিভাগ আকণ্ঠ দুর্নীতিতে নিমগ্ন। যার প্রভাব এবং অর্থ আছে সে বিচার বিভাগকে প্রভাবিত করতে পারে। কিছু আলোচিত মামলা এবং এর বিচার প্রক্রিয়ার দিকে নজর দিলেই এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত, বিলম্বিত করা সম্ভব। আইনের মারপ্যাচ একজন অভিযুক্তকে মুক্ত ভাবে চলাচলের সুযোগ করে দিচ্ছে। এক ইংরেজী নববর্ষের রাতে টিএসসিতে বাঁধন নামের এক মেয়েকে বস্রহীন করার পরে দীর্ঘ কয়েক বছর মামলা চলার পরে আসামিরা সবাই খালাস পেয়ে গিয়েছিল। কিছুদিন পূর্বে একটি সংবাদ পড়েছিলাম,  
গাজীপুরের এক মেয়ে ধর্ষিতা হওয়ার পরে মামলা করেছিল। ছয়টি তারিখে কোর্টে এসেও আসামীর উকিলের গড় হাজিরার কারনে, অদ্য পর্যন্ত সে মামলার কোন কার্যক্রমই আরম্ভ হয়নি। কত বছর ঐ মেয়ে কোর্টে আসার ধৈর্য বজায় রাখবে? সে আদৌ কি বিচার পাবে?

দেশে যে ভাবে জঙ্গি তৎপরতা আরম্ভ হয়েছিল, স্বাভাবিক আইনের আওতায় কি তা দমন করা সম্ভব ছিলো? জঙ্গি নেতা বাংলা ভাই, সায়েখ রহমান এর স্বাভাবিক আইনে বিচার হয়েছে, বন্ধ হয়েছিল দেশে তাদের তৎপরতা? দুই ধর্ষককে হত্যা করেছিল হারকিউলিস। সমালোচনার পরে তা বন্ধ এখন। ধর্ষন তো মহামারীর মত হয়েছে দেশে। মাদক এর প্রসার কতটা বৃদ্ধি পেয়েছে, তা কিছুটা যারা চোখ কান খোলা রাখেন, তারাই জানেন। প্রচলিত আইনে এদের বিচার করা সম্ভবই না। মাদক নিয়ে গ্রেফতারের কিছুদিন পরেই এরা জামিন নিয়ে আবার মাদকের ব্যবসা আরম্ভ করে। এদের কিছুর মৃত্যু হচ্ছে ক্রসফায়ারে। যদিও এর গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

ক্রসফায়ার সমর্থনযোগ্য নয়, তবে কিছু সময়ের জন্য এটি সমর্থন করা যায়। জংলীদের জন্য জংলী আইনই ভালো।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4/#comments
