# নীলের প্রেমে

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-06-06T14:59:41+00:00
- Updated: 2020-06-06T15:03:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87/

---

তার গায়ের নীল শার্টটি আজো আমার প্রিয়।  
তাইতো নীল আমার এতো প্রিয়।  
সে হারিয়ে গেছে, কিন্তু তার সেই ভালোলাগা  
রেখে গেছে আমার শরীর,মন, প্রেমে;  
ভালোলাগার রূপান্তর ঘটেছে ঘৃণায়,কষ্টে, দ্রোহে।  
তাইতো বেদনার নীলে হয়েছি আজ কৃষ্ণকলি।  
তার দেয়া কবিতার বই আজো আমার সমান প্রিয়,  
তাইতো কবিতাকে ধ্যানে-জ্ঞানে,  
ঘুমে-জাগরণে করেছি স্বজন।

কবিতা করেছে আমায় রিক্ত-সিক্ত প্রেমের উর্ণাজালে,  
তাইতো সুখেও কষ্টের কাব্য ছুঁয়ে যায়-  
হৃদয় করে চূর্ণবিচূর্ণ।  
তার ভালোলাগা গুলো আজো  
সযতনে রেখেছি তুলে মনের আলমারিতে ;  
যখনই তার বিরহে আঁধার নামে ,  
এলোমেলো হয় ভাবনাগুলো তখনই জড়িয়ে ধরি ,  
আদরে ভরিয়ে রাখি তার প্রিয়গুলোকে।  
সবই নিয়ে গেল নিষ্ঠুর মানুষটা,  
শুধু তার ভালোলাগা গুলোকে রেখে গেল মনেরই অজান্তে,  
বেদনার নীলে ভরিয়ে দিল জীবনের হরিৎ খামটা।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87/#comments
