# নীলচক্র

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2020-04-24T05:56:31+00:00
- Updated: 2020-04-24T05:59:50+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-%e0%a7%a8/

---

জীবনের অন্ধকার সময়টা যখন পেরিয়ে যায় –

তখন অন্ধকারে হারিয়ে যায় কিছু চেনা মুখ, চেনা সময়-

অচেনা কটমটে লাল নীল আলোর ঝলকানিতে

কিছু প্রাণান্ত প্রাণ ভেসে যায় অবলীলায় ।।

 

বিদগ্ধ শহরের গেরুয়া তামাটে কার্ণিশে আজো লেপ্টে আছে –

বিচূর্ণ স্বপ্নের ছায়াকৃতি, দেয়ালে দেয়ালে তার –

নির্লজ্জ উলঙ্গ পোস্টার, এ যেন কোন ক্ষুব্ধ স্বপ্নাবতার,

কুমারি ষোড়শীর হাতে তুলে দিলেন বেশ্যালয়ের চাবি ।।

 

আমি সমসাময়িক সমাজের কথা বলছি-

এখানে বিরুদ্ধ বারুদের চারিপাশে কার্বন পেপার মোড়া,

অথচ আমরা সুপারসনিক বিস্ফোরণের প্রতীক্ষা করি-

আমরাই আবার পঙ্গু হই আলোর মিছিলের ঊষালগ্নে ।।

 

ডাস্টবিন থেকে নবজাতকের প্রথম কান্নার ধ্বনি –

এই মৃতপ্রায় শহরের আজন্ম দায়, অথচ ল্যাম্পপোস্টের-

নিয়ন আলোয় এই অসভ্য সভ্যতা এখনো –

অবৈধ নবজাতকের বীজ বোনে সগর্ব দাম্ভিকতায় ।।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-%e0%a7%a8/#comments
