# নির্মলেন্দুর দোষ

- Author: [খাদিজাতুল কুবরা](https://sonelablog.com/author/khadizatul-kubra/)
- Published: 2021-11-22T19:28:56+00:00
- Updated: 2021-11-23T04:43:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b7/

---

 

যত দোষ নন্দঘোষ নয় নির্মলেন্দু গুণ।

তিনি যদি ঘটা করে না বলতেন _”তোমার চোখ এতো লাল কেন? “তাহলে তুমি ও বলতেনা।

জবাবে আমি ও হয়তো দুঃসাহসে উদ্ধৃত করতামনা __  
“তার চেয়ে চলো এক কাজ করি,  
তুমি কান পেতে শোনো, শুধু শোনো,  
আমি শুধু বলি!  
ভালোবাসি…  
ভালোবাসি…ভালোবাসি…;♥”

শেষতক কী হলো?  
লোকসান গুণছি__  
অনুশোচনার প্রতিলিপিতে লিখছি  ভুল সংলাপ, ভুল প্রেমালাপ,  
আরও কত নাম না জানা ভুলচুক।  
সব অহেতুক, অহেতুক!  
তিনি না হয় বিশ্বপ্রেমিক; সৃষ্টির নেশায় বুদ হয়েছেন, নষ্ট প্রেমের পদ্যে কিংবা গদ্যে।

আমি!  
আমি তো অতি সাধারণ পাল ছেঁড়া নাবিক,  
আমাকে ঘিরে ধরেছে অভিশাপের প্রতীক এলবাট্রস!  
দানা পানি শেষ হতে চললো  
জলের ঘড়া খালি প্রায়,  
এবার আমি ঠিক মরবো লবনাক্ততায়।

তুমি!  
তুমি তো ডুব সাঁতারু!  
তোমার ভয় নেই  
সাঁতরে যাও কত প্রিয় বন্ধু তোমার অপেক্ষায়।  
হ্যাঁ বন্ধু ঠিকই বলছি তুমি সৌভাগ্যবান।

আমার প্রাণ ওষ্ঠাগত,  
আর দেরি নেই!  
এই তো কেবল শেষ সূর্যাস্তের…..  
নির্মলেন্দুর জয় হোক __  
শুধু কবিতার পাতায়!

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b7/#comments
