# নির্জনতার মেঘ

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2018-08-31T10:45:53+00:00
- Updated: 2018-08-31T10:45:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/

---

বনগোলাপের ঝাড়ে এসে বসেছিল –  
তোমার মতো আবছায়া এক গাঙশালিখ,  
তার রোমশ ডানার সাথে মিশে কিছু  
বনজ আঘ্রাণ চলে গেছে লোকালয়ের কাছাকাছি।  
অথচ তুমি আমি সে, সকলেই –  
এই সিমেন্টের জংগলে ; প্রতিদিন বাঁচি।

এইবার বাড়ি ফেরার নদীটায় ভীষণ স্রোত –  
ভালোবাসার মতো দিগ্বিদিক ঢেউ,  
এইবার পথের পাশে নামেনি মায়ারা ;  
জেনেছে বিফল আয়োজন,  
ভালোবাসার অঞ্জন মাখা চোখ নিয়ে  
এইবার আসবেনা কেউ।

এইবার শহরের আকাশ ঢেকে দেবে – তোমার  
ভেতরকার একাকীত্বের মতো সর্বগ্রাসী গাঙশালিখের দল,  
তাদের ডানার ভাঁজে পুরনো স্মৃতির মতো বনজ ঘ্রাণ  
বুকের ভেতর পলিমাটির নরম সুবাস।

শহুরে পাখি, তোমার মায়ার জলেই নিত্য ডোবা – ভাসা।  
এইবার তোমার কাজল লেপ্টে যাওয়া চোখে –  
খুব গোপনে নামবো আমি, হয়ে তোমার একান্ত বরষা ।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/#comments
