# নির্ঘুম শব্দেরা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-28T09:57:35+00:00
- Updated: 2021-08-29T02:12:45+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/

---

 

পথ চলতে চলতে নামি নামি সন্ধ্যায়, জল প্রপাতের শব্দে থমকে গেলাম,  
শীষ দেয়া উড়াল পাখি, গাছের চূড়ায় ভেসে থাকা সরু চাঁদ;  
শতচ্ছিন্ন দিগন্তে আকাশের ফাঁদে আটকে পড়া উজ্জ্বল শরৎ মেঘের দীর্ঘশ্বাস;  
এই বুঝি অঝোরে কেঁদে ফেলবে।

শরতের উষ্ণ শাসনের প্রমত্ত একঘেয়েমিতে স্বপ্ন পরাভব লুকিয়ে ফেলে  
প্রস্থান করি এ-বেলায়;

ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তহীন সময়ের প্রান্ত রেখায় দেখি, এক সমুদ্র যন্ত্রণার ছায়াতল,  
গেঁথে আছে অবিমিশ্র সীমাহীন চিৎকার চেঁচামেচি, ক্ষুধা দারিদ্র্য, সমৃদ্ধি সহ;  
নৈঃশব্দের বিশ্বাস অবিশ্বাস, নিরন্তর অস্তময়তা;

সন্তানসম্ভবা স্বপ্নগুলো অগোছালো চিত্রকল্পের মত নিরাভরণ হতে হতে  
দীর্ঘশ্বাস ফেলে, কখন একটু নিদ্রায় আর্দ্র হবে;

প্রত্ন-শব্দগুলো প্রতিনিয়ত দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, চমৎকার ভালবাসা-বাসির অপেক্ষায়;  
ফুলেদের মৌ মৌ গন্ধ-স্পর্শে;

বিষণ্ণ পাথর দেয়ালের আলিঙ্গন বিস্মৃত হয়-ই-না,  
কাতর শব্দেরা শুধুই নিষ্ফল কবিতার মত দৃষ্টি মেলে নির্ঘুমে থাকে;

[গান](https://www.youtube.com/watch?v=TqR_jWfHW4g) ও ছবি নেটের।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/#comments
