# নিমজ্জনের আমন্ত্রণ চিঠির চিঠিতে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2022-06-11T03:54:54+00:00
- Updated: 2022-06-11T03:54:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%b0/

---

 

কল্পনা-ক্লান্ততায় ভর করে আছে কসমিক কান্না,  
কাঁপতে থাকা খর-তাপ চলছে এঁকে-বেঁকে,  
পথে ঘাটে, বাজারে, লঞ্চে, নৌকায়, গলি পথে,  
শুধুই মানুশ আর মানুশ! কিছু কী ঘটেছে?

চিঠিকে চিঠি দেয়ার কথা ভাবছি  
চিঠি নেয়ার-ও;

কোন মহাজাগতিক প্রশান্ত/প্রশস্ত অপরাধ উত্তাল-উল্লাস ফুসফুসে!  
মৌনী হয়ে ভাবতে বসি, ক্যামনে কী? আদিগন্ত জুড়ে হুল্লোড়-মাতম!

চিঠি চাই;

পা টিপে টিপে ফোঁটা কয়েক ছিন্নমতি প্রাণবতী  
বৃষ্টি এলে মন্দ হতো না, মহা-দূরত্ব কাটিয়ে,  
ঘন হয়ে একটু বসা যেতেই পারে ঢুলুঢুলু চোখে,  
হতে পারে তা খটখটে কোন এক গিরিপথের কোল ঘেঁসে;

চিঠি,  
নিষেধের চিরকুট ছিঁড়ে ফেলে আড়ি দিচ্ছি/নিচ্ছি না!

কপটতাময় বিস্মিত ভঙ্গিতে দিবা-বিশ্রাম বা সুনসান মধ্য রাতে  
কেউ না কেউ সামান্য চিঠি দিতে-নিতে তো পারেই, পারে না?

দীর্ঘশ্বাসের চিৎকার চেঁচামেচি মুঠোয় পুড়ে  
হ্রস্ব বা দীর্ঘ চিঠিকে নিয়মে/অনিয়মে ফেলে,  
প্রাচুর্য-বতী করা যেতেই পারে, শূন্য সাগরের নীরবতা ভুলে;

বৃত্তাকার পথে হেঁটে হেঁটে একটু খানি (চিঠির) আদান-প্রদান হতেই পারে;  
খরস্রোতের রাত্রি-মধুর মত!! নিষেধের নিরুদ্দেশ শিউলিতলে!!

খুঁতখুঁতে হেঁয়ালি পুঁথিটি মুড়িয়ে, মৃদু আলোজ্বলা উচ্ছল উষ্ণতায়  
যখন তখন একটুখানি নিমজ্জন রহস্যের আহ্লাদী চিঠির চিঠিতে।

ছবি নেট থেকে।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%b0/#comments
