# নিকোটিন সখা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-05-29T01:01:50+00:00
- Updated: 2017-05-29T01:01:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%96%e0%a6%be/

---

নিকোটিন সখ্যতার ভাগাভাগি আর-নয়, নিশিথের যন্ত্রণা-দগ্ধতাও নয়-আর,  
চোখ-ডুবিয়ে নোংরা ঘেটেছ, অসহ্য এ-দুর্ভোগ-দুর্বিপাক, যে যার পথে  
হেঁটে যাব নিঃশব্দের মত, আর ফেরা হবে-না, ফিরে-ফিরে তাকানো-ও-না,  
এক-চোখ খোঁজে গলি-ঘুপচি, অন্য চোখে মিথুন-মগ্নতা!! (শাখমৃগ)!!  
কলুষবাজ-কূপমণ্ডূক-অকালকুষ্মাণ্ড কাঁচুমাচু্র কূজন-কুটুম্ব!!

তাও বলি, ঠিক আছে, চেঁছে-পুঁছে টেনেটুনে নিপুন হাতে,  
দিলাম মাফ করে; এক ঝাঁক লাম্পট্য! মনে রেখ,  
চোখ গেলে দেব এরপরে, জালি-বেতের কথাও মনে রেখ,  
বুকে-চোখে পোষা হলদে সাপের তীব্র-ফনার নিকুচি করি,  
বিদ্ধকরা-চোখের বিষ-দাঁত তুলে নেব, ভাব বুঝি নিজেকে, দারুণ ধূর্ত!!  
এই শেষ, এই-ই শেষ-বার, ভেব-না যেন বসন্ত-জ্বরে, কাঁদছি  
এঁকেবেঁকে মূর্ছিত হয়ে, ফোলা ঠোঁট উঁচু করে উল্টিয়ে;

কুচকুচে মিটমিটে কুসুম বাদমাশ,  
কবর-চোখে বিষণ্ণতার ভুয়ো-ভাব নিতে হবে না,  
এসো কাছে, এবার বিড়ি খাও, খাই!!  
আলগোছে আলতো করে আবার একটুখানি  
খুনো-খুনির নিকোটিন-খেলা খেলি;

*********************************************************

ইতিহাসের ধুম্র-সুন্দরীর বয়ান……..২

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%96%e0%a6%be/#comments
