# নস্টালজিয়া

- Author: [নাজনীন খলিল](https://sonelablog.com/author/nazneen-khalil/)
- Published: 2013-11-10T12:31:02+00:00
- Updated: 2013-11-10T12:31:02+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/

---

দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাতায়াত শুধু  
সময় মিশে যায় মহাকাল স্রোতে  
এভাবেই বদলে যায় দৃশ্যপট  
রূপান্তরের পালে দোলা দিয়ে যায়  
কিছু স্মৃতিভারাতুর দীর্ঘশ্বাস।  
কেউ জানেনা কোথায় পথের শেষ………

মনে পড়ে  
লেবু-গন্ধী উদাস-অলস দুপুরগুলো  
সৌরভে বিভোর রমণীয় প্রজাপতি মেলা  
লাল ফড়িংয়েরা বাতাসের গায়ে ডানা মেলে দিলে  
হাওয়ায়  
হাওয়ায়  
কেমন মদালসা সুরের কাঁপন বেজে যেতো

থোকা থোকা রুধির-পুষ্পিত কৃষ্ণচূড়াটি  
ঝিরি ঝিরি পাতায় আর রক্ত-রাঙা ফুলে ঢেউ তুলে  
মধুৎসবের বারতা দিয়ে যেতো,’ফাগুন এসেছে’;  
লাল পাপড়ির কার্পেটে পা ডোবানো বিকেলগুলো নেই।  
এখানে পাথুরে অহংকারের এক বিলাসী ভবন আছে  
বারান্দায় বাহারি বেতের চেয়ার  
বৈকালিক চায়ের আড্ডা  
ল’ভলিউমে রবীন্দ্র-বাণী,  
“এ পথে আমি-যে গেছি বার বার,ভুলিনি তো এক দিনও।”

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/#comments
