# নষ্ট মানুষ

- Author: [রাতুল](https://sonelablog.com/author/tausif31/)
- Published: 2013-10-05T16:28:37+00:00
- Updated: 2013-10-07T08:40:28+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- Tags: ছোট গল্প
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/

---

সেই পথেই এসেছি ফিরে আমি,  
যেখানে এসে ডুবে গিয়েছিলাম-  
অতল স্মৃতির জোছনা মাখা-  
সুশোভিত কাব্যকথার সমুদ্রে।  
নোনা স্বাদের পাণ্ডুলিপির গহীনে।

ফিরে এসেছি, সকল মায়া ত্যাগ করে।  
আবারও সেই পথে, মৃত পথিক হয়ে।  
যেখানে চারিধারে শবদেহ পোড়ে,  
যেখানে চারিধারে ছড়িয়ে আছে-  
ফুলে ওঠা পচা লাশের গন্ধ।  
যে পথ মিছে গিয়েছে শূন্যতায়,  
আর্তনাদ করে করে হাঁপিয়ে উঠে-  
সে পথের ক্ষুধার্ত হায়েনার কংকালগুলো।  
আকাশ হতে কাদামাটির বৃষ্টি ঝড়ে,  
যে বৃষ্টিতে মিশে থাকে রক্ত।  
সেই বৃষ্টি তে ভিজে রক্ত-সিক্ত হবো বলে,  
আবারও এসেছি ফিরে আমি, এ পথে।  
যে পথে যখন সূর্য হাসে,  
অদ্ভুত বিদ্রূপ মাখা কণ্ঠে।  
মৃত শকুনের চিৎকারে পালিয়ে যায়-  
একঝাক মৃত দাঁড়কাক,মিছে ভয় নিয়ে।  
শুন্যতার অক্ষিকোটর গলে বেরিয়ে আসে,  
পচে যাওয়া সাপের বাচ্চাগুলো,  
যাদের মরচে পরা দাঁতে বিষ থাকেনা

খানিক দূরে দূরে যে পথের ধারে-  
ঠায় দাড়িয়ে থাকা বৃক্ষরা কাঁদে।  
একটি মাত্র,অন্তত একটি মাত্র পাতার আশে।  
আমি সে পথেই এসেছি ফিরে,  
স্বীকৃতি প্রাপ্ত নষ্ট মানুষ হয়ে।  
ফিরে এসেছি সে নষ্ট জগতে,  
সকল মৃতদেহের ভিড়ে,বিদঘুটে গন্ধে-  
বুক ভোরে শ্বাস নিয়ে তৃপ্ত হতে।  
আমি এসেছি,আবার এসেছি ফিরে।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/#comments
