# নস্টালজিয়া

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2019-11-24T12:27:51+00:00
- Updated: 2021-11-08T06:34:59+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf/

---

শহরের ভাঙ্গা প্রাচীর ঘেঁষে সাঁটানো লাল পোস্টার  
তোর রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরের মতোই অগোছালো-  
সদ্য ঝড়ের শেষে এলোমেলো ঝাউ লতার মতোই চুলের বেনী  
তাতে এক দলা থুতু ছিটিয়ে যায় বাউন্ডুলে যুবক ।।

***অপ্সরী খুঁজে খুঁজে অবশেষে যে পথিক গন্তব্য হারায়***  
***লোনা জলের তলদেশে ঢেউহীন মৃত যমুনায়-***  
***সে কি কভু জানতে পেরেছিলো –***  
***কত সহস্র নাবিকের জলজ পরিসমাপ্তি ঘটেছিলো এই মোহনায়।।***

ত্রয়োদশীর রূপালী জোছনায় অবগাহন শেষে –  
পূর্ণ্যার্থীর চেতনে কভু ফিরে আসে যদি, এ যে কোজাগরী নয়  
তবে কি লক্ষ্মীর আত্মায় জন্মে ভক্তের প্রতি অনুরাগ ?  
কিছু অবয়ব ছাড়িয়ে যায় অভিকর্ষের প্রবল আকর্ষণ ।।

অবাঞ্ছিত সময়ের হাত ধরে যে এসেছিলো, অদ্যাবধি –  
তার বিতর্কিত যৌনাবেদন; বিদগ্ধ শহরের গলিতে গলিতে সাঁটা,  
আঙ্গুলের ফাঁকে নিকোটিনের জলন্ত কুন্ডলী চেপে  
খুক খুক কাশি শেষে এক দলা থুতু ছিটিয়ে যায় আরাধ্য প্রেমিক।।

দিনশেষে হুইস্কির পেয়ালায় মুখ লুকিয়ে খোঁজে-  
হয়তো কোন চেনা মুখ, অশরীরী আত্মা কিংবা প্রেতাত্মা হয়ে,  
যদি কভু ফিরে আসে বৈকালীন দিগন্তের কার্ণিশ বেয়ে-  
এই অবেলায়,  
এক অনবদ্য ঘৃণার গাঁথুনিতে আমি তার এপিটাফ লিখে যাই।।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf/#comments
