# নবান্নের ডাইনিরা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-11-23T16:06:10+00:00
- Updated: 2019-11-23T16:06:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be/

---

 

নবান্ন এলে,  
ডাইনিরা নেমে আসে সবার অলক্ষ্যে রাতের দিঘলে, গোল গোল চোখে, দল বেঁধে, দল ভেদে,  
এই উৎসবে ঝালিয়ে নেবে অনুপুঙ্খ-খণ্ডকালিন-প্রেম, প্রেম প্রেম খেলার ছলে; তাড়নার অনাবরণে, শরম-বিহীন সুপ্ত লুপ্ত নোনা-হাতছানিতে, এ যেন মেলে-ফেলে রাখা উন্মুক্ত নৈবেদ্য!কৃষক আঙিনায়,  
কৃষকের খিড়কি-ঘেঁষা নিঝুম পালঙ্কের আলস্য শয্যায় আকণ্ঠ মদিরাময় বিনিদ্র-প্রেম,  
খণ্ডকালিন-প্রেম হবে অন্তঃসত্ত্বা, ধীরে হেঁটে যাওয়া পাখিডাকা ভোরের আগেই;

অসহায় পরাস্ত ব্যর্থ ব্যাহত সোনা-ধানের কৃষক দম্পতি, বিরল সংক্ষোভে নিভৃতে কাঁদে,পরস্পরের গা-বেয়ে ঝরে পরে অভিসম্পাত।

ঘাড় মটকে চুষে-শুষে ফেলে দেয়া মুন্ডুবিহীন-প্রেম একাকী হেঁটে যায়  
অতলের গহীন অন্ধকারের পথে।

অকস্মাৎ যেন কারাগার ভেঙ্গে বেড়িয়ে আসে, সম্বিৎ ফিরে পাওয়া এক ছায়ামূর্তি, ঔপনিবেশিকতার গ্লানি মুছে ধীর-লঘু পায়ে সহনশীল-আশ্বাসের মিষ্টি-উচ্চারণে, সোনালী কৃষকের দ্বারে, পিদিম হাতে অবিরাম মুসাফিরের বেশে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be/#comments
