# নবান্নের কৃষক

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-06T03:15:41+00:00
- Updated: 2020-11-07T01:08:56+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95/

---

 

এ নয় কোন আবেগ উদ্বেলন,  
নয় কোন ব্যাকুল বিস্ময়-অনুরণন,  
কুটিল দৈত্যদের পাশা-খেলার শুধুই নীরব সাক্ষী;

খুব-ই তুচ্ছ-তাচ্ছিল্যের মত ছোটখাটো গুচ্ছ গুচ্ছ আঘাতগুলো  
অবলীলায় আমাকে ছুঁয়ে যায়, হজম আঘাতে;

ঘুম ভাঙ্গা মধ্য/শেষ রাত্রিতে এঁকে-বেঁকে চলা বিষ-ফণাগুলো  
বিস্তারে আসে; ঘিরে রাখে/ ঘিরে ধরে।  
এ যেন তৈরি করে রাখা আংশিক রঙ্গিন চলচ্চিত্র/চালচিত্র!

বিফল জোয়ার টান তীব্র হয়-না, দ্রুত ভাটা এসে যায়!  
শীত-কুয়াশায় এই শূন্যতার বিছানায় চুপে/স্ব-উল্লাসে শুয়ে-বসে;  
বেলা-অবেলার নির্জন/কোলাহল মন্দিরে পূজা হয়-না, পূজা বসে-না;  
নিষ্ফল -বীভৎস বাতাসে হাল চাষের মত।

স্যাঁতসেঁতের অসাড় মূর্ছায় যত্নে পাট করে রাখা শৌখিন মেজাজ  
দুর্বিষহ বারোয়ারি তথৈবচঃ প্রলাপের মত গলির মোড়েই ঠায় দাঁড়িয়ে থাকে,  
ধেয়ে আসা নিঝুম অন্ধকারের ভিড়ে;

যখন সব পেয়েছির অবাধ-অবোধ বাতাস মুদ্রাদোষের মত গিলে খাচ্ছে,  
নক্ষত্র তখন ও জেগে থাকে দূর আকাশে, আকাশ প্রদীপ  জ্বেলে;  
এই নামি নামি শীতে, নবান্নের কৃষক কুটিরে।

ছবি নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95/#comments
