# নগরবধূ ‘আম্রপালী’

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-09-04T18:00:03+00:00
- Updated: 2020-09-26T11:15:51+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a7%e0%a7%82-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80/

---

 

তোমার সৌন্দর্যের ধারে কুপোকাত কত শত বনিক, নাবিক, রাজাধিরাজ।  
তোমার এক অঙ্গুলীয় ইশারায় নাচে প্রজাতন্ত্র বৈশালী থেকে দক্ষিণের মগধ-  
তুমি পারোনি তোমার অঢেল রূপকে পর্দার আড়ালে ঢেকে রাখতে।  
পিতৃ পরিচয়হীন তোমাকে আম্রতলে পেয়ে ‘আম্রপালী’ নাম  দিলে,  
শাসক মনুদেবের কামাগ্নির রোষানলে পরিণয় যামিনীতে মৃত্যু হলো প্রণয়প্রার্থী পুষ্পকুমারের;  
তারই ভোগের লালসায় ‘নগরবধূ’ হলে রাষ্ট্রীয় বিধানে।  
নৃত্যগুণ আর চৌষট্টি কলার পটিয়সী নগ্ন-পায়ে নূপুরের ঝংকারে উত্তাল হয় নগরবধূ;  
স্বর্গের উর্বশী, রম্ভা ও ম্লান হয়ে যেতো তার রূপের মদিরা আর নয়নবহ্নির উদগ্র কামনায়।

বিম্বিসারের কর্ণগোচরে তোমারি প্রশংসা- চিত্তে সন্তরি ঢেউ উত্তলে উঠে,  
তোমাকে পাওয়ার নেশায় যুদ্ধের দামামা বেজেছিল বৈশালীতে।  
যাকে তুমিও মনে -প্রাণে চেয়েছো সে-ই আজ তোমারি  পাণিপ্রার্থী;  
তবুও তুমি চাওনি রক্তপাত, হানাহানি নিজ রাজ্যের- তাকে পাওয়ার উচ্ছ্বাসে।  
পিতা-পুত্রের প্রেমের হেতু রাজা হলো বন্দী নিজ অপত্যে।  
যুদ্ধাহত প্রেমিক-পুত্রকে সেবা দিয়ে পাঠিয়ে দিলে নিজ রাজ্যে সসম্মানে।  
এতোই রূপের কারিশমা -অকামুক সন্ন্যাসী শ্রমণ ও সেই জালে হলেন কুপোকাত।  
কামনা-বাসনার উর্দ্ধে থাকা শত শত পুরুষ ও তোমার রূপে ডুবে মরেছে;  
তুমি ছিলে না কারো একার, ‘নগরবধূ’ হতে গিয়ে পারোনি হতে কারো একান্ত আপনজন।  
গৌতম বুদ্ধের মোক্ষ্যের মন্ত্রে দীক্ষিতা হয়ে ‘নগরবধূ’ থেকে হলে ‘অরহান্ত’।

ছবি- গুগল

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a7%e0%a7%82-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80/#comments
