# ধূলোপড়া স্মৃতি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-06-15T18:00:06+00:00
- Updated: 2020-06-16T09:52:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/

---

নীলাম্বরে গড়েছিলাম যে প্রেমের ঠিকানা,  
তিমির রাত্রিতে নীলাম্বর-মৃত্তিকার অভিস্যন্দ;  
পূবালী বাতাসে ছিল যে নেশাচ্ছন্ন ফুলের সুবাস,  
তুমি-আমি ছিলাম দিগন্ত রেখায়।  
আষাঢ়ের নবজল চিঁড়ে  রজঃস্বলা মীনদল;  
হারিয়ে যেত কোন সে সুদূরে?  
পাখির সিক্ত ডানায় নতুন প্রাণের স্পন্দন-  
ভেঙে যাওয়া স্বপ্ন ফিরে ফিরে আসে  
চোখের আরশিতে নিদের উর্ণায় ভর করে।

ধূলো পড়া অতীতে স্মৃতিরা দেয় হানা ,  
বাতাসে ভেসে আসে বন্দী ক্রন্দনের করুণ সুর।  
বেলা-অবেলার বাঁধনে বাঁধা পড়েনি স্মৃতির মায়াজাল;  
অশোকের গভীর ঘনচ্ছায় থোকায় থোকায়  
গোধূলির রক্তিম আভা ঠিকরে পড়ছে।  
মৃত্তিকার বুক চিড়ে অন্ন ফোঁটে নব-রসধারায়,  
মন-মন্দিরে শাঁখ বাজছে সন্ধ্যা-আরতিতে;  
মনে পড়ে তুমি-আমি বাসনার তীরে ছিলাম নিমগ্ন-  
আঁধারের বুকচিঁড়ে লজ্জাহীন শালুকের ফুটন্ত আসরে।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/#comments
