# ধানসিড়ি নদীটির বাঁকে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-05-18T03:43:15+00:00
- Updated: 2021-05-18T03:43:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87/

---

 

উঠি উঠি সকাল-না,  
প্রচণ্ড সকালে জানলার ধার ঘেঁসে দাঁড়িয়ে আছি,  
ঈষৎ বাঁকা বাঁকা হয়ে, তির্যক সূর্যালোক এড়িয়ে যাব  
এমন ভাবনা ভেবে ভেবে;

সুস্থির শান্ত অহেতুক মিষ্টি মিষ্টি আলাপচ্ছলতা,  
হাল্কা আগুনে-আঁচ পাশ কাটিয়ে, প্রচ্ছন্ন আম গাছের  
ফাঁকে লুকিয়ে থাকা ছোট্ট পাখিটিকে দেখতে পাচ্ছি  
চুন চুন করে ভেসে আসা গন্ধে গন্ধে;

পাল্টে যাওয়া গতকাল;  
আজ নূতন পাখিদের আনাগোনা, প্রকারান্তরে  
এ-তো তাদের-ই স্বপ্ন-নীড়, ধুয়ে মুছে সাফ সুরত করা;

দূর নিকটে দাঁড়িয়ে কেউ এক জন ভাবে  
স্বগতোক্তির মত মিহি স্বরে,  
অলস-আপন এ টাইমে বস্তা পচা মেরামত অযোগ্য  
কত কিছুই-না লেখা হোত গাল-গল্পের সাথে,  
বাক বিতণ্ডায়, ব্যঙ্গোক্তি বক্রোক্তিতে গোচরে অগোচরে,  
এখানে ওখানে সেখানে, নিখোঁজ নিরুদ্দেশে, কুহকের শব্দ-ঘ্রাণে;  
একাকীর একান্তে বয়ে চলা ধানসিড়ি নদীটির বাঁকে বাঁকে।

ছবি নেট থেকে।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%87/#comments
