# ধানসিঁড়ির বুক জুড়ে (৩)

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-06-20
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%81%e0%a7%9c%e0%a7%87-%e0%a7%a9/

অপূর্ণ ভোরে দিব্যি দাঁড়িয়ে আছি  
ধানসিঁড়ির গা-ঘেঁষে,  
প্রকাণ্ড শিরীষের পাখা বেয়ে  
বিরতীতে বিরতীতে ধীরে ধীরে,  
শিশির চুইয়ে পড়ছে নরম নরম ভাবে  
ক্ষীণতম শব্দ-তান তুলে টুপ টুপ করে,  
খিন্ন গোল গোল ঢেউ তুলছে জড়িয়ে গড়িয়ে;  
ঐ যে দিগন্ত-সূর্য উঁকি দেয়ার তাল খুঁজছে  
উঠি উঠি করে, অপেক্ষার আগল ভেঙে।

অপেক্ষার এমন মোহন সৌন্দর্য-শব্দদের কালে  
হঠাৎ এক-ধাড়ি-অসভ্য শব্দ তুলে,  
একটু খানি পাড় ভাঙছে ব্যর্থ প্রচেষ্টায়, ভাঙনের সিঁড়ি  
জেগে উঠার বিফল চেষ্টা, এক হীন-মজুরের কাঁধে চড়ে;

জোড়া টুনটুনি আর বাবুইয়ের বাসা  
বাতাসে নিগুঢ় হয়ে ঐ যে দোল খাচ্ছে;

শুয়ে আছি ধানসিঁড়ির বুক জুড়ে  
তীর ঘেঁসে বৃষ্টি-হীনতার খরতাপে  
অপেক্ষার হাত ধরে।

——————————————————————-

মন্তব্য দেব, নেবো-ও,  
খিন্ন-বিরতীটুকু মার্জনায় আগলে রাখুন।  
নগদে দোয়া করুন, দোয়ায় রাখুন।
