# ধনুকের ভালোবাসা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-02-14T01:32:14+00:00
- Updated: 2017-02-14T01:32:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

রাতের বুকে বালতি বালতি জ্যোৎস্না ঢেলে  
চাঁদ হেসে ওঠে, ধ্রুপদ আলোর নিপুণ মূর্ছনায়  
অনন্ত-তৃষ্ণা ডানা মেলে, নিভৃতে রোপণ করা  
স্বপ্ন অভিলাষে, ঝাঁপায় এদিকে-ওদিকে;  
খুবই স্বাভাবিক,

ঝকানো বিজ্ঞাপনে নটি সুখের মিচকে হাসি  
একটি নিলে একটি ফ্রি, দু’টিতে তিনটি!!  
শহুরে অহংকার ছুঁয়েছে চুল থেকে পায়ের নখ অব্দি;  
এই-ই হয়।

আলোকসুন্দরী পাখিরা আধারেই খুঁজে নেয় উলুবন  
ভাগ্যের দোহাইয়ের জিকিরে, বাঁকে বাঁকে।  
অস্বাভাবিক নয় কিছুই এখন,

সময়দৈর্ঘ্যের আমি-তুমি,  
তুমি-আমি,  
তুমি-তুমি  
এখন শুঁকিয়ে যাওয়া দীঘল নদী,  
এক কুড়ি বজ্র দাগাই হলো সার  
কিছুতেই ছুঁলো না জলবৃষ্টি।  
এমন হতেই পারে,

না-জল না-বাতাসেও সারা শরীরের আলপথ জুড়ে  
রঙিন জোয়ার, ঝাঁকে ঝাঁকে ধুম লাগা ধনুক ভালোবাসায়  
সুগন্ধি বিছানা উর্বর আবার,  
সাধের শরীরী আহ্লাদে এমন হতেই পারে।

দেখা হবেনা, কথাও না আর, না-কথার খৈ ফুটিয়ে বিনা কারণে  
নিরন্তর খিস্তি-খেঁউড় হবে না, জ্ঞানী জ্ঞানী কথার তুবড়ি ছুটবেনা,  
এমন কথাবলা মোটেই ঠিক না, ঠিক না;

মূখ-বধিরতায় এ কোন্‌ অনড় ম্লেচ্ছ সুখ!  
হেলে যাওয়া যৌবনকুটিরে!  
সহস্র সহস্রাব্দের নিভাঁজ ভালোবাসা ফেলে রেখে  
অভেদ্য ধোঁয়ার নিপুণ বুননে নিঃসঙ্গতার আঁক এঁকে!!

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
