# দেহলোভী কামনা!

Author: তৌহিদুল ইসলাম
Published: 2019-05-23
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%be/

অন্ধকারে নিজের পুচ্ছ থেকে নির্গত আলো দিয়ে হাসনাহেনার বাগানকে আলোকিত করবে ভেবে সেই যে জোনাকিপোকাটা একবার এসেছিলো, সে আজ হয়েছে নিরুদ্দেশ।

অযুত লক্ষ নিযুত বসন্তরা চক্রাকারে আসাযাওয়া করে আর নিত্য নতুন জোনাকিরা আলোয় ঝিকমিক করে জ্বলেনিভে মরিচবাতির মতন।

নির্বোধ হাসনাহেনাও মিছে ঘ্রাণের আশায় ফুটে যায় নিত্য; তবে সেই ভুবনজয়ী সুগন্ধির বদলে যা পেলো তার উপমা কেবল গান্ধী পোঁকাই হতে পারে বৈ অন্য কিছু নয়।

বিদঘুটে হুল বিদ্ধকারীর স্পর্শে মাতাল পানকৌড়ির রন্ধ্রে রন্ধ্রে আজ এ কেমন নেশা!! রোমকূপ শিউরে ওঠে, কামনায় বিধগ্ধ হয়। উন্নাসিকতার মোহে লালা ঝরে টপ টপ। বাতাবি লেবুর ঘ্রানে নুয়ে পরে শয়তান!

দিনশেষে আবারও রাত্রি নামে ধরনীর বুকে, হাসনাহেনারা প্রস্ফুটিত হয় ঘর্মাক্ত রমণীর বিস্বাদ নিয়ে। লালা ঝড়া নেড়ি আবারও উদ্বেলিত হয় গান্ধির লোভে।

ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যায় বেহুশ নির্লজ্জ জোনাকিটা আজ আবারও পুচ্ছ থেকে নীলাভ আলো নির্গত করছে বাতাবি লেবুর সুগন্ধি পাবার মোহে।

আহারে! হাসনাহেনাটা কেবল প্রস্ফুটতই হলো। তার শুকনো রসে এখন নাম না জানা পক্ষীসমাজের আনাগোনা। সে না পেলো বাতাবি লেবুর ঘ্রান, না দেখলো জোনাকীর পুচ্ছরিত আলো।
