# দূর হোক সব ঝঞ্ঝাট

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-01-04T15:58:29+00:00
- Updated: 2020-01-04T16:28:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%9d%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9d%e0%a6%be%e0%a6%9f/

---

দূর হোক সব ঝঞ্ঝাট-  
হাজার বছরের আবর্জনা দূর হয়ে যাক;  
দূর হোক শত শত জ্বালা-যন্ত্রণার দুঃখ।  
সমস্ত বেদনার আজ হোক অবসান;  
মঙ্গলালোকে বাস করুক স্বর্গালোক।  
সুখ বারতা বয়ে যাক সবার জীবনে।  
হৃদয় জুড়ে থাক আনন্দের ধারাপাত;  
দেহ-মনে বয়ে যাক শান্তির ঝর্ণা ধারা।  
স-ব কালিমা নিঃশেষিত হোক-  
বয়ে যাক আনন্দধারা।  
এই হোক আজকের ধরনী।  
পরম পাওয়ায় জীবন হোক ধন্য।  
আষাঢ়-শ্রাবণের বারিধারা বর্ষিত হোক  
সবার হৃদ-মাজারে।  
একটুখানি পাওয়াই যেন ভরে যায় অনাবিল-আনন্দে।  
গ্রীষ্মের কাঠফাঁটা রোদ পোড়ায় না যেন;  
প্রকৃতিতে থাক শান্তির শীতল পরশ।  
শুষ্কতার পরশ ভালোবাসায় বসত গড়ি থাকে যেন চিরসুখী-  
এই হোক কামনা আজিকে;  
আমি যে এক চিরদুঃখী ।  
হাসি-গানে ভরে উঠুক জীবনের প্রতিটি প্রান্ত,  
প্রতিটি রক্তকণায় মিশে যাক সুখের নীলকান্ত।  
দূর হোক সব ঝঞ্ঝাট-  
এই হোক কামনা আজিকে।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%9d%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9d%e0%a6%be%e0%a6%9f/#comments
