# দিবা-স্বপ্নের নীলাকাশ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-09-29T04:14:27+00:00
- Updated: 2019-09-29T09:37:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/

---

 

দূরাধিগম্য বেদনাদ্র হৃদয়ের অনীহ চিত্তে  
শূন্যতা দেখছে দিবাস্বপ্ন,  
জমে থাকা থিকথিকে বিজন-বিস্বাদ বিষাদ-ক্লান্তিতে;  
একাকীর একচিলতে চিলেকোঠার ঘুলঘুলিতে চুয়ে পড়া চিরন্তন আলোছায়া  
নীরব প্রতিফলনে খুব গুছিয়ে খেলা করে আকাশের নীল নিয়ে,  
আকাশকুসুমের বনানীতে ওত পেতে থাকা ভেক-ধরা সময়  
প্রচ্ছন্ন অবচেতনে নৃশংস ভাবে হত্যা করে অলক্ষ্যে প্রতিনিয়ত  
দাগী হত্যাকারীর সতর্ক অসতর্কতায়।

তড়পানো হৃদয়ের অলৌকিক অন্ধকারের সিঁড়ি বেয়ে,  
নীরব তোলপাড়ে [ব্লুজ শুনতে শুনতে](https://www.youtube.com/watch?v=NDHY1D0tKRA)  
লিখে ফেলা যায় দু’চার ছত্র চরম অনায়াস ভঙ্গিতে;

মুগ্ধপ্রাণে অতিথি হয়েছিলে নিষিদ্ধ সরাইখানায়  
বিস্মিত যৌবন প্রতিভায়;  
দুর্বিষহ জোয়ারে ভেসে গেলে দূর শৈবাল সাগরে,  
বিষণ্ণতার আদিম গুহায় আশ্চর্য কৌশলে নিরবধি কাল  
জ্বালিয়ে রাখা অনুগত-প্রাণ সন্ধ্যাপ্রদীপ ফেলে!

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/#comments
