# দিবা রাত্রির কাব্য

Author: অপার্থিব
Published: 2019-03-10
Category: গল্প
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

এক চৈত্রের সন্ধ্যা… শীতলক্ষ্যার ঘাট… চুলে নদীর শীতল হাওয়া… মেঘের ঘোমটা চিরে উঁকি দেওয়া এক টুকরো হলদে চাঁদ… এক ঝাল মুড়ি বিক্রেতা আর তার হাতের অনুপুম ভঙ্গীতে করা বিচিত্র শব্দ সম্ভার… মায়ের স্নেহময় হাত আর লাল-নীল-হলুদ বেলুন হাতে দাঁড়ানো একটা ৫ বছরের মেয়ে… ল্যাম্প পোষ্টের নিয়ন আলোকে পিছনের রেখে দাঁড়ানো একটা ক্লান্ত দাঁড় কাক… এক জ্যোস্না তাড়িত খেয়ালী যুবক… পারাপারের অপেক্ষায় থাকা তিনটি হলুদ তরুণী…

এদের মধ্যে একজনের হয়তো বিয়ে আজ। কোন মেয়েটির? হলুদ শাড়ি আর মাথায় এক গুচ্ছ গোলাপের ভার নিয়ে ভয় ভয় চোখে দিগন্তে তাকিয়ে থাকা বাম পাশের ঐ মেয়েটির? কি আছে নদীর ওপারে? আচ্ছা বিয়ে তো যৌনতার সমাজ নির্মিত কাঠামো তাই না? যৌনতার মত একটা খুবই সাধারণ মৌলিক ব্যাপার ঘিরে এই সব লৌকিক অনুষ্ঠানের উদ্দেশ্যটা কি? বিয়ের মধ্য দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে সন্তান উৎপাদন করবে, সেই সন্তান সমাজকে টিকিয়ে রাখতে ভুমিকা রাখবে। তাহলে বিয়ে কেন্দ্রীক এই সব লৌকিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজ কি প্রকারান্তরে তার নিজের টিকে থাকাকেই উদযাপন করতে চায়?

হলুদ শাড়ির সেই মেয়েটির দিক চোখ পড়ে যুবকটির। মেয়েটিও চোখ নামায় না। দু জোড়া চোখের নৈব্যক্তিক চাহনিতে লেখা হতে থাকে দিবা রাত্রির কাব্য। বুদ্ধদেব বসুর কবিতা মনে পড়ে-

রুপোলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ  
নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর  
সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরুপ  ইন্দ্রধনু  
তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে  
কখনো কি ভেবেছিলে?

এক সময় ঘাট থেকে মাঝির ডাক শোনা যায়। ল্যাম্পপোষ্ট ও তার নিয়ন আলোকে পিছনে ফেলে উড়ে যায় দাঁড়কাক। ছেড়ে দেয় নৌকা, ধীরে ধীরে সে এগিয়ে যায় প্রাগৈতিহাসিক অন্ধকারের সরু টানেলে। এক সময় মিলিয়ে যায় রাত্রির হলুদ কোমল ছোঁয়া। গুঢ অন্ধকার, মেঘের ফাঁকে জ্বলতে থাকা হলদে চাঁদ আর টুকরো টুকরো দীর্ঘ শ্বাসে লেখা হয় একবিংশ শতাব্দীর সবচেয়ে ক্ষুদ্রতম প্রেমের গল্পটা…
