# দিনলিপি ১ মে ২০১৭

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2017-05-03T17:06:13+00:00
- Updated: 2017-05-03T20:12:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: মহান মে দিবস
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%a7-%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%ad/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/blog2-640x480.jpg)  
স্যার আজ গাড়ি রাস্তায় নামানো যাবে না। ফিল্ডে যাবেন কিভাবে?  
ড্রাইভারের চোখে মুখে চিন্তা। আজ মে দিবস তারপরেও সে এসেছে প্রতিদিনের মত ডিউটি করতে। কোন ড্রাইভার আজ গাড়ি চালালে তার খবর আছে। একই সময়ে মিছিল যাচ্ছে, বেশ বড় মিছিল। শ্লোগান ভেসে আসছে-  
*মে দিবস মে দিবস… সফল হোক সফল হোক*  
*দুনিয়ার মজদুর… এক হও এক হও*  
*শ্রমিকের ন্যায্য দাবী… মেনে নাও মানতে হবে*  
*মালিকের কালো হাত……ভেঙ্গে দাও গুড়িয়ে দাও*  
*শ্রমিক রাজ শ্রমিক রাজ…… কায়েম করো কায়েম করো*

শ্লোগান শুনতে শুনতে কি করবো ভেবে চুড়ান্ত করেছি। জরুরী কিছু কাজের জন্য আমার কর্মক্ষেত্রে যেতেই হবে। জিজ্ঞেস করলাম ড্রাইভারকে, তোর মটর সাইকেল এনেছো? উত্তরে জানায় সে, হ স্যার আনছি। বলি আমি, নিয়ে আয় মটর সাইকেল।  
বিয়ে করেছে ড্রাইভার গত বছর। প্রতিদিন সকাল ৯ টার মধ্যে গাড়ি নিয়ে চলে আসে গ্যারেজ থেকে। আবার যায় রাত ৮ টা ৯ টায়। থাকে আমার বাসা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। পাবলিক বাসে এই আসা যাওয়ায় কস্ট হতো তার খুব। কিছুদিন আগে মটর সাইকেল কিনেছে সে। এখন আসা যাওয়াটা কস্টহীন হয়েছে তার।  
মটর সাইকেল নিয়ে হাজির সে। চাবি নিলাম আমিই। ড্রাইভারকে বললাম পিছনে বস। নিজে মটর সাইকেল ড্রাইভ করে যাচ্ছি আমার কর্মক্ষেত্রে।কাজ শেষ হলে বিকেলে আবার একই ভাবে ফিরেছি।  
প্রতিদিন ড্রাইভার হয়ে আল আমিন আমাকে বহন করে নিয়ে যায়। আজ আমি ড্রাইভার হয়ে আল- আমিনকে বহন করে নিয়ে যাচ্ছি। আল-আমিন বুঝতেও পারেনি, আমি আসলে শ্রমিক রাজ কায়েমের শ্লোগানটা আজ একদিনের জন্য ধারণ করেছি।  
বছরের ৩৬৫ দিনের মধ্যে একদিনই তো,

তবে শ্রমিকরা কি তাঁদের অধিকার সম্পর্কে সচেতন? অধিকার এর সীমা তো তারা লংঘন করেছে বহু ক্ষেত্রে। ট্রাক বা যাত্রীবাহী গাড়ির কোনো এক্সিডেন্টের বিচার করা যাবে না। বিচার করলে কি হতে পারে তা কিছুদিন আগেই দেশ ব্যাপী অচলাবস্থায় ভালভাবেই উপলব্ধি করেছি। আমার ব্যাক্তিগত অভিজ্ঞতায় মালিকরা অত্যন্ত অসহায় এই শ্রমিকদের কাছে। চুক্তি থাকলেও তা যখন তখন অবজ্ঞা করে ধর্মঘটে চলে যায় এরা। কিছু ভাল শ্রমিক যে নেই তা নয়, তবে এরা শ্রমিক নেতাদের হাতে জিম্মি।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%a7-%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%ad/#comments
