# দহন ( নাজিফাহ্‌ নামা )

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-11-18T20:10:46+00:00
- Updated: 2013-11-18T20:10:46+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%b9%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e2%80%8c-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be/

---

ভাঁজ করা মৌন মলিন স্মৃতির পৃষ্ঠা  
জুড়ে দেখি পুরনো নীল আকাশ ;  
স্বপ্নহীনতাকে এখন ঘিরে রাখে  
অপ্রয়োজনীয় যত পরিচিত দীর্ঘশ্বাস ।

নাজিফাহ এখনো তুমি সাদা শঙ্খচিল  
নতুন ভোরের তৃষিত হৃদয়জুড়ে ;  
এখনো তুমি শরতের নীলাকাশ  
নগ্ন দুপায়ের সন্ধ্যা রাগিণী সুরে ।

কোথায় হারালে ? কোন সে খেয়ালে ?  
নীরবে অভিমানে কতো আড়ালে ?  
ক্লান্ত গোধূলি ঘুম চোখে , অচেনা সুখে  
অতৃপ্ততায় স্বপ্নচারী বিরহী মায়াজালে ।

যত সন্ধ্যা নামে , শ্রাবণের দামে  
হতাশার মোমবাতি হয় স্নিগ্ধ কদমফুল ;  
আশৈশব একাকী দহনে , এমনি ক্ষণে  
ভেসে উঠে বালুচরে কিছু অনাদায়ী ভুল ।

সীমাহীন আঁধারে হারিয়েছে ভালোবাসা  
উচ্ছাসে ভরা উল্লাসের সেই ক্ষণগুলো ;  
ঘুমহারা দৃষ্টি নিয়ে জেগে থেকে সারারাত  
জেনেছি এই হৃদয় বেদনার চর হলো ।

তবু বেঁচে থাকা অপলক উৎপীড়নে  
তবু সংগ্রামী স্বপ্ন দেখা উন্মুক্ত উন্মাদনায় ;  
ফেরারি যন্ত্রনার যত শুভ্র পালক আছে  
ডায়েরীর নিশ্চুপ পাতায় , তারা কেঁদে উঠায় ।

দুঃখ সুখের জীবন খেলায় কল্পনাতে  
বিরহের স্পন্দনে তাজমহল বাঁধতে পারি  
ক্ষতবিক্ষত দুঃখের বন্যায় তোমার কাছে  
তবু হৃদয়ের পুনর্বাসন চাইতে পারি ।

গভীর অতলে থেকে যাওয়া  
শান্ত স্মৃতির রংচটা ফ্রেমে  
খেঁটে খাওয়া প্রেমিক যে  
আমি পড়েছি তোমার প্রেমে ।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%b9%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e2%80%8c-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be/#comments
